Advertisement
E-Paper

রোনাল্ডোদের শিবিরে ঘুরছে কুমিরের দল! ভয়ে হোটেল ছাড়তে নারাজ পর্তুগালের ফুটবলারেরা, ঘাম ঝরাচ্ছেন জিমেই

কয়েক দিন আগে সুইৎজ়ারল্যান্ডের শিবিরে দেখা মিলেছিল সাপের। এ বার পর্তুগালের শিবিরে ঘুরে বেড়াতে দেখা গেল কুমিরদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৯:০০
football

অনুশীলনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে বিপত্তিতে পর্তুগাল। না, কোনও ফুটবলারের চোট নেই। সরঞ্জামেরও কোনও সমস্যা নেই। সমস্যা অন্য জায়গায়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের শিবিরে ঘুরে বেড়াচ্ছে কুমিরের দল। ভয়ে হোটেল ছাড়তে চাইছেন না পর্তুগালের ফুটবলারেরা।

ফ্লরিডায় পাম বিচ গার্ডেন্সে শিবির করেছে পর্তুগাল। সেখানেই অন্তত চারটি কুমিরকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বলে অভিযোগ করেছেন পর্তুগালের ফুটবলারেরা। ভয়ে হোটেল ছেড়ে মাঠে ফিরতে চাইছেন না তাঁরা। হোটেলের জিমেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন ফুটবলারেরা। সেখানেই ঘাম ঝরাচ্ছেন।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আমেরিকার ফুটবলারেরা এই দৃশ্যের সঙ্গে পরিচিত। মাঝে মাঝেই জলাশয় থেকে পাশের মাঠে কুমির উঠে আসে। কিন্তু অন্য দেশের ফুটবলারদের কাছে এই অভিজ্ঞতা নতুন। পর্তুগালের সংবাদপত্র ‘আ বোলা’ আগেই এই বিপত্তির কথা জানিয়েছিল। পর্তুগাল আমেরিকায় পা রাখার আগেই, ফ্লরিডায় তাদের শিবিরের কাছে তিনটি কুমির দেখা গিয়েছে বলে রিপোর্টে জানিয়েছিল তারা।

ফ্লরিডা পাম বিচ গার্ডেন্স নর্থ কাউন্টি ডিস্ট্রিক্ট পার্কের মধ্যে পড়ে। ৮২ একর জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই এলাকা ফ্লরিডা বনাঞ্চলের একটি অংশ। পাশেই রয়েছে একটি জলাশয়। সেখান থেকেই কুমিরেরা উঠে আসছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি আয়োজকদের জানানো হয়েছে। যাতে কোনও রকমের খারাপ ঘটনা না ঘটে সে দিকে নজর দেওয়া হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে। আয়োজকেরা আশ্বস্ত করেছেন, অনুশীলন করতে কোনও সমস্যা হবে না রোনাল্ডোদের। তার পরেও ফুটবলারদের ভয় কাটছে না।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

১৭ জুন ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিটে কঙ্গোর বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পর্তুগাল। ২৩ জুন রাত ১০.৩০ মিনিটে উজবেকিস্তান ও ২৮ জুন ভোর ৫টায় কলম্বিয়ার বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবেন রোনাল্ডোরা। তার আগে ভয়ে হোটেল থেকে বেরোচ্ছেন না ফুটবলারেরা।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
৬ ঘণ্টা আগে
Portugal Football Cristiano Ronaldo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy