Advertisement
E-Paper

রেড রোডে ইদের নমাজে ফের এসআইআর নিয়ে সরব মমতা, নিশানা প্রধানমন্ত্রীকে! অভিষেক দিলেন সম্প্রীতি ও ঐক্যের বার্তা

বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে প্রথম থেকেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রেড রোডে ইদের নমাজে সেই ধারা বজায় রইল। সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে এসআইআর নিয়ে কেন্দ্র ও প্রধানমন্ত্রীকে নিশানা করেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১০:২৭
Mamata Banerjee again comments on SIR issue at Eid event on Red Road

রেড রোডে ইদের নমাজে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

রেড রোডে ইদের নমাজে এসে আবার এসআইআর নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তা-ই নয়, এসআইআরে নাম কাটা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেছেন তিনি। মমতা জানান, এসআইআর নিয়ে যে লড়াই তিনি শুরু করেছেন, তা অব্যাহত থাকবে! মুখ্যমন্ত্রীর সঙ্গে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঞ্চ থেকে ঐক্য এবং সম্প্রীতির বার্তা দিলেন তিনি।

বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে প্রথম থেকেই সরব মমতা। সভা হোক বা সাংবাদিক সম্মেলন— সর্বত্রই কেন্দ্রের বিজেপি সরকার এবং কমিশনকে একযোগে আক্রমণ করে থাকেন তিনি। শনিবার রেড রোডে ইদের নমাজেও সেই ধারা বজায় রইল। প্রথমে ইদের শুভেচ্ছা জানান সকলকে। তার পরেই এসআইআর নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘এসআইআরে অনেকের নাম কাটা হয়েছে। আমি তাই নিয়ে লড়াই করছি। আদালতে গিয়েছি। সকলের জন্য আমার এই লড়াই জারি থাকবে।’’

তার পরেই মোদীকে নিশানা করে তোপ দাগেন মমতা। তাঁর দাবি, ‘‘আমাদের অধিকার মোদীজিকে কেড়ে নিতে দেব না।’’ মোদীকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘উনি যখন সৌদি আরবে গিয়ে হাত মেলান, দুবাই গিয়ে আলিঙ্গন করেন, তখন মনে পড়ে না হিন্দু-মুসলমানের কথা? দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে।’’ পাশাপাশি এ-ও জানান, সৌদি হোক বা দুবাই— সকলেই ভারতের বন্ধু। শুধু মোদীকে নয়, তাঁর সরকার এবং দল বিজেপিকেও নিশানা করেছেন মমতা। তাঁর হুঙ্কার, ‘‘বিজেপি গুন্ডা, ডাকাতের পার্টি। বাংলাকে যারা টার্গেট করবে তারা জাহান্নমে (নরকে) যাবে।’’

মমতার কয়েক মিনিটের বক্তৃতার প্রায় বড় অংশ জুড়েই ছিল এসআইআর। শনিবার রেড রোডে অভিষেকের বক্তৃতা ছিল সংক্ষিপ্ত। তিনি মানবতার কথা বলেন। বলেন ঐক্য এবং সম্প্রীতির কথাও। তাঁর কথায়, ‘‘মানবতার জন্য একজোট হতে হবে সকলকে। বাংলার সম্প্রীতি অটুট থাক। রমজানে রাম আছে, দিওয়ালিতে আলি। যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখেই হয় করবাচৌথও।’’

Mamata Banerjee SIR Abhishek Banerjee eid
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy