Advertisement
E-Paper

খোলস ছেড়ে বেরোল কমলা বাহিনী! রাজার সামনে রাজার মতো খেলে সুইডেনকে হারাল নেদারল্যান্ডস, চাপে জাপান

জাপান ম্যাচের ঘুমপাড়ানি ফুটবল উধাও। সুইডেনের বিরুদ্ধে পরিচিত ছবি দেখা গেল নেদারল্যান্ডসের খেলা। ৫-১ গোলে জিতল তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০০:২৭
football

সমর্থকদের সামনে উল্লাস নেদারল্যান্ডসের ফুটবলারদের। ছবি: রয়টার্স।

নেদারল্য়ান্ডস - ৫ (ব্রবি ২, গ্যাকপো ২, সামারভিল)
সুইডেন - ১ (এলাঙ্গা)

নেদারল্যান্ডসের এই খেলাটা দেখতেই তো অভ্যস্ত সকলে। কমলা ঝড় উঠবে সবুজ মাঠে। পাস, পাস আর পাস। গতিময় ফুটবলে প্রতিপক্ষকে ফালাফালা করে ফেলা। কিন্তু আগের ম্যাচে জাপানের বিরুদ্ধে এই খেলাটা কোথায় ছিল? তার ফলও মিলেছিল। পয়েন্ট নষ্ট করতে হয়েছিল। সুইডেনের বিরুদ্ধে খোলস ছেড়ে বেরোল নেদারল্যান্ডস। সুইডেনও ভাবেনি, এ ভাবে শুরু থেকে আক্রমণ করবে নেদারল্যান্ডস। সুইডেনকে ৫-১ গোলে হারাল ডাচ ব্রিগেড। এই ফলের পর চাপ বাড়ল জাপানের উপর। টিউনিশিয়াকে হারাতেই হবে তাদের। নইলে পরের রাউন্ডে যেতে সমস্যা হতে পারে।

ঘটনাচক্রে আগের ম্যাচে টিউনিশিয়াকে ৫ গোল দিয়েছিল সুইডেন। পাঁচ দিন পর সেই ৫ গোল তারাই খেল। খাওয়াটাই স্বাভাবিক। গোটা ম্যাচে তাদের রক্ষণ খুঁজে পাওয়া গেল না। লিন্ডেলফের মতো অভিজ্ঞ ডিফেন্ডার থাকার পরেও বার বার রক্ষণে বিস্তর ফাঁক ধরা পড়ল। আর সেই ফাঁক দিয়ে বার বার ঢুকল নেদারল্যান্ডস।

আগের ম্যাচে জাপানের বিরুদ্ধে ক্রিসেন্সিয়ো সামারভিল গোল করার পরেও এই ম্যাচে তাঁকে শুরু থেকে খেলাননি কোচ রোনাল্ড কোমান। বদলে খেলান ব্রায়ান ব্রবিকে। বিশ্বকাপের অভিষেকেই ব্রবি বোঝালেন, কেন কোচ তাঁকে এত ভরসা করেছেন। দীর্ঘদেহী ব্রবি শারীরিক ক্ষমতায় ডিফেন্ডারদের বার বার পরাস্ত করলেন। তাঁকে সামলাতে হিমশিম খেতে হল সুইডেনের রক্ষণকে। পাশাপাশি দুর্দান্ত চোরা গতি তাঁর। খুব দ্রুত বলের কাছে পৌঁছোতে পারেন। আদর্শ বক্স স্ট্রাইকার। কোমান চাইছিলেন শুরুতেই গোল তুলে নিতে। ব্রবি সেটাই করে দেখালেন।

৫ ও ১৭ মিনিটের মাথায় জোড়া গোল করে নেদারল্যান্ডসের কাজটা সহজ করে দেন ব্রবি। দু’টি গোলের ক্ষেত্রেই তিনি ঠিক সময় ঠিক জায়গায় ছিলেন। প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডে খেলা এই স্ট্রাইকার অভিষেকে হ্যাটট্রিকও করতে পারতেন। তাঁর খেলা মুগ্ধ করল। আপাতত নেদারল্যান্ডসের বাকি সব ম্যাচে প্রথম একাদশে নিজের জায়গা পাকা করে নিয়েছেন ব্রবি।

সুইডেন যে খুব খারাপ খেলেছে তা বলা যাবে না। বরং প্রথমার্ধের শেষ পাঁচ মিনিট ও দ্বিতীয়ার্ধে অন্তত ২০ মিনিট আধিপত্য দেখিয়েছে তারা। আরও এক বার নজর কাড়লেন ইয়াসিম আয়ারি। টিউনিশিয়ার বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন। এই ম্যাচেও করতে পারতেন। বার বার শট মারলেন। কিন্তু তেকাঠিতে রাখতে পারলেন না। যেগুলি রাখলেন, তা ভারব্রুগেনকে পরাস্ত করতে পারল না। নেদারল্যান্ডসের জয়ের নেপথ্য নায়ক ভারব্রুগেন। আটটি শট বাঁচিয়েছেন তিনি। বিরতির ঠিক আগে গয়কেরেসের তিনটি শট বাঁচান ভারব্রুগেন। বিরতির আগে সুইডেন গোল পেয়ে গেলে হয়তো দ্বিতীয়ার্ধে খেলাটা অন্য রকম হত।

প্রথমার্ধে ব্রবি যে কাজটা করেছিলেন, দ্বিতীয়ার্ধে ঠিক সেটাই করলেন কডি গ্যাকপো। ৪৭ ও ৫৪ মিনিটে জোড়া গোল করলেন। ব্যস, খেলার ফয়সালা হয়ে গেল। গ্যাকপোর গোল দু’টির ক্ষেত্রেও সুইডেনের রক্ষণ ভেঙে পড়ল। এ রকম রক্ষণ নিয়ে পরের ম্যাচে জাপানের বিপক্ষে নামতে হবে সুইডেনকে। আরও একটি কঠিন লড়াই তাদের সামনে।

ভারব্রুগেন গোলের সামনে যতটা ভাল খেললেন, ততটাই খারাপ দেখাল সুইডেনের গোলরক্ষক নর্ডফিল্ডকে। অন্তত দু’টি শট বাঁচানো উচিত ছিল তাঁর। গ্যাকপোর দ্বিতীয় গোল ও সামারভিলের গোলের ক্ষেত্রে তাঁকে নিয়ে প্রশ্ন উঠতে পারে। টিউনিশিয়া সুযোগ কাজে লাগাতে পারেনি। নেদারল্যান্ডস পেরেছে। সেখানেই বেরিয়ে পড়েছে সুইডেনের রক্ষণের ফাঁক।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কোমান আরও একটি পরিকল্পনা করেছিলেন এই ম্যাচে। টর্নেডোর পূর্বাভাস থাকায় হিউস্টনের স্টেডিয়ামের ছাদ ঢাকা ছিল। ফলে হাওয়ায় শট খেললে তা সুইং করার বা ডিপ হওয়ার সম্ভাবনা কম ছিল। যে কারণে আয়ারির বেশির ভাগ শট বার উঁচিয়ে চলে গেল। কোমান তাঁরা ছেলেদের বলেছিলেন মাটিঘেঁষা শটে খেলতে। নেদারল্যান্ডসের পাঁচটি গোলই কিন্তু মাটিঘেঁষা শটে। বোঝা গেল, খেলা শুরুর আগেই আসল খেলা খেলে ফেলেছিলেন কোমান।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নেদারল্যান্ডস যথন ৪-১ গোলে এগিয়ে তখন গ্যালারিতে দেখা গেল উইলিয়াম আলেকজ়ান্ডারকে। নেদারল্যান্ডসের রাজা বসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সামনে। দলের খেলা স্বস্তি দেবে তাঁকে। রাজার সামনে রাজার মতো খেললেন ব্রবি, গ্যাকপোরা। হিউস্টনের সবুজ ঘাসে উঠল কমলা ঝড়।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
১০ ঘণ্টা আগে
Netherlands Sweden Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy