Advertisement
E-Paper

মেসিকে নিয়ে বিতর্ক থামছে না! কেন লাল কার্ড নয়? ফিফার কাছে নালিশ আলজেরিয়ার, সরব অন্য কোচেরাও

পোল্যান্ডের রেফারি সিমন মার্সিনিয়াকের তিনটি সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার রেফারিং কমিশনকে চিঠি দিয়েছে আলজেরিয়া। ‘ভার’ না দেখেই কেন লিয়োনেল মেসিকে ছেড়ে দেওয়া হল, সেই প্রশ্নও তোলা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ০৯:৩২
picture of football

লিয়োনেল মেসির সেই ফাউল। —ফাইল চিত্র।

লিয়োনেল মেসির বিরুদ্ধে ফিফার কাছে নালিশ আলজেরিয়ার। আর্জেন্টিনা ম্যাচের রেফারির সিদ্ধান্তে অখুশি তারা। আলজেরিয়ার অধিনায়ক আইসা মেন্ডিকে পিছন থেকে ফাউল করেছিলেন মেসি। কিন্তু রেফারি সিমন মার্সিনিয়াক ফাউল দিলেও মেসিকে কোনও কার্ড দেখাননি। রেফারির সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারি ভাবে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে আলজেরিয়া।

ওই ফাউলের জন্য মেসিকে অন্তত হলুদ কার্ড দেখাতে পারতেন মার্সিনিয়াক। চাইলে লাল কার্ডও দেখাতে পারতেন। ম্যাচের পরই প্রশ্ন উঠেছিল, অন্য কোনও ফুটবলার পিছন থেকে সরাসরি পায়ে মারলে কি রেফারি এত লঘু করে দেখতেন বিষয়টা? রেফারির ওই সিদ্ধান্ত যুক্তি সঙ্গত মনে হয়নি বহু ফুটবল বিশেষজ্ঞের। আলজেরিয়া শিবিরও মনে করছে, রেফারি সঠিক এবং নিরপেক্ষ সিদ্ধান্ত নিলে হ্যাটট্রিক করতে পারতেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পোল্যান্ডের রেফারির বিরুদ্ধে ফিফার রেফারিং কমিশনকে চিঠি দিয়েছে উত্তর আমেরিকার দেশটি। আলজেরিয়ার ফুটবল ফেডারেশনের এক কর্তা বলেছেন, ‘‘আমাদের অভিযোগ মূলত মেসির ফাউল নিয়ে। মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল। নিশ্চিত ভাবে আর্জেন্টিনা অত্যন্ত ভাল দল। তবু আমাদের মনে হয়েছে, কয়েকটা ক্ষেত্রে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। কিছু বিষয় চুপ থেকে মেনে নেওয়া যায় না। অন্তত তিনটি ক্ষেত্রে রেফারির কঠোর হওয়া উচিত ছিল। অথচ একটা ক্ষেত্রেও ‘ভার’ প্রযুক্তির সাহায্য নেওয়া হয়নি!’’ মেসির ওই ফাউল ছাড়াও ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কনুই দিয়ে গুঁতো মেরেছিলেন ইব্রাহিম মাজ়াকে। পোলিশ রেফারি মার্সিনিয়াক সেই ঘটনাতেও ন্যায‌্য সিদ্ধান্ত নেননি বলে অভিযোগ আলজেরিয়ার।

মান্ডির পায়ে বল ছিল। মেসি তাঁর থেকে খানিকটা দূরে ছিলেন। বলের নিয়ন্ত্রণ ছিল মান্ডির পায়ে। হঠাৎ খানিকটা দৌড়ে গিয়ে বল কাড়ার চেষ্টা করেন মেসি। পিছন থেকে ফাউল করেন তিনি। পরে রিপ্লে-তে দেখা যায়, মান্ডির ডান পায়ের কাফ মাসল ও আখিলিস টেন্ডনের মাঝে মেরেছেন মেসি। তাঁর বুটের স্টাড উপরের দিকে ছিল। ফুটবলের নিয়ম, কোনও ট্যাকলের ক্ষেত্রে বুটের স্টাড দেখা গেলেই হলুদ কার্ড দেখান রেফারিরা। মেসি যেখানে মেরেছেন, সেখানে লাগলে বড় চোট পেতে পারেন ফুটবলারেরা। তাই এই ধরনের ফাউলের ক্ষেত্রে সরাসরি লাল কার্ডও দেখাতে পারেন রেফারিরা। স্বাভাবিক ভাবেই মার্সিনিয়াকের সিদ্ধান্তে তৈরি হয়েছে বিতর্ক।

মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রসও। তিনি এই ঘটনায় হতাশ। ব্রস বলেছেন, ‘‘মেসির ঘটনাটা দেখেছি। আমার দলের কোনও ফুটবলারকে এ ভাবে ফাউল করা হলে, আমি কিন্তু ছেড়ে দেব না।’’ প্রসঙ্গত ব্রস মনে করিয়ে দিয়েছেন, তাঁর দলের মিডফিল্ডার থেম্বা জ়াওয়ানে এমন ফাউল করার তাঁকে তিন ম্যাচের জন্য নিলম্বিত (সাসপেন্ড) করেছে ফিফা। দক্ষিণ আফ্রিকার কোচ আরও বলেছেন, ‘‘আমি চাই না মেসির মতো ফুটবলার মাঠ থেকে বেরিয়ে যাক। ওর মতো খেলোয়াড়ের মাঠে থাকা উচিত। কিন্তু তা-ও দুটো ঘটনার পার্থক্য আমার বোধগম্য হচ্ছে না।’’

আলজেরিয়া শিবির ফিফার উত্তরের অপেক্ষায় রয়েছে। তা দেখে পরবর্তী পদক্ষেপ করবে তারা। জর্ডন এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে তাদের ম্যাচ বাকি। নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
১ ঘণ্টা আগে
Lionel Messi Algeria complain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy