Advertisement
E-Paper

বন্যা ও জলসম্পদ ব্যবস্থাপনায় উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি হওয়ার জন্য গেট আবশ্যক নয়

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটির তরফে ফ্লাড অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর স্তরের কোর্স করানো হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ০৯:৩৩

ছবি: সংগৃহীত।

পৃথিবী জুড়ে চলছে জল সঙ্কট। জলবায়ু পরিবর্তনের জেরে বাড়ছে পরিবেশ দূষণও। সমস্যার সমাধানে সুস্থায়ী উন্নয়ন পন্থা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা। এই পরিস্থিতিতে জলসম্পদ সংরক্ষণ এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সিভিল ইঞ্জিনিয়ারিং কৌশল নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি।

প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে ফ্লাড অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর স্তরের কোর্স করানো হবে। মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রির অধীনে উল্লিখিত বিষয়টি শেখার সুযোগ পাবেন পড়ুয়ারা। এ জন্য তাঁদের সিভিল ইঞ্জিনিয়ারিং কিংবা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হতে হবে।

এ ক্ষেত্রে তাঁদের স্নাতকের ডিগ্রি কোর্স চার বছরের হওয়া প্রয়োজন। পাশাপাশি, স্নাতকের পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এ ছাড়াও জলসম্পদ সংক্রান্ত কোনও প্রকল্পে অন্তত এক বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তবে, গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) স্কোর থাকা বাধ্যতামূলক নয়।

পড়ুয়ারা দু’বছর থেকে পাঁচ বছরের মধ্যে কোর্সটি সম্পূর্ণ করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের কাছে মাল্টিপল এন্ট্রি-এগ্‌জ়িটের সুবিধাও থাকবে। ট্রাইমেস্টার পদ্ধতিতে বছরে তিন বার পরীক্ষা নেওয়া হবে। যাঁরা পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স হিসাবে পড়াশোনা সম্পূর্ণ করতে চান, তাঁদের অন্তত তিনটি ট্রাইমেস্টারে পাশ করতে হবে। যাঁরা স্নাতকোত্তর হতে চান, তাঁদের ছ’টি ট্রাইমেস্টার সম্পূর্ণ করতে হবে।

হাইব্রিড মোডে (অনলাইন এবং অফলাইন ক্লাস) পঠনপাঠন চলবে। সরাসরি ক্লাসের পাশাপাশি, পূর্বে রেকর্ড করা ভিডিয়ো টিউটোরিয়ালের ব্যবস্থা করা হবে। তবে, চূড়ান্ত বর্ষের পরীক্ষাটি আইআইটি গুয়াহাটির ক্যাম্পাসে দিতে আসতে হবে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে পড়াশোনায় আগ্রহীদের অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৫ জুলাই। ক্লাস ১০ অগস্ট থেকে শুরু হতে চলেছে।

Civil Engineering PG Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy