Advertisement
E-Paper

মেজরের গলায় পদক পরাতে গিয়ে ‘খাবি খেলেন’ মার্কিন প্রেসিডেন্ট, সম্মান জানানোর বদলে সেনাকে ‘শ্বাসরুদ্ধ’ করলেন ট্রাম্প!

মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন আমেরিকার স্থলবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর নিকোলাস ডকেরি আর ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে ডকেরির গলায় পদক পরানোর কথা বলা হল। সেই পদক পরাতে গিয়ে এক প্রকার নাকানি-চোবানি খেলেন ট্রাম্প।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ০৯:৩৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খবরের শিরোনামে থাকাটাই স্বাভাবিক বিষয়। কিন্তু মাঝেমধ্যে তাঁর করা নানা ‘অদ্ভুত’ কাজও খবরের শিরোনাম হয়ে ওঠে। সম্প্রতি হোয়াইট হাউসে এক অনুষ্ঠানের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। সেই অনুষ্ঠান চলাকালীন ট্রাম্পের কীর্তি ঘিরে নেটাগরিকদের মাঝে হইহই পড়ে গিয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হোয়াইট হাউসে চলছে ‘মেডেল অফ অনার’ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন আমেরিকার স্থলবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর নিকোলাস ডকেরি। ট্রাম্পের থেকে সম্বর্ধনা নিতে সেই অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। যুদ্ধক্ষেত্রে ডকেরির সাহস এবং একাগ্রতাকে সম্মান জানানোর লক্ষ্যেই হোয়াইট হাউসে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। কিন্তু সেই সম্মান জানাতে গিয়ে খাবি খেলেন আমেরিকার প্রেসিডেন্ট।

মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন ডকেরি আর ট্রাম্প। ট্রাম্পকে ডকেরির গলায় পদক পরানোর কথা বলা হল। পাশে দাঁড়িয়ে থাকা সরকারি আধিকারিকের কাছ থেকে ট্রাম্প পদকটি নিলেন। কিন্তু ডকেরির গলায় পদক পরাতে গিয়ে এক প্রকার নাকানি-চোবানি খেলেন ট্রাম্প। সেই মেডেলের সঙ্গে লাগানো নীল ফিতে বাঁধার অঙ্ক ট্রাম্প কিছুতেই কষে উঠতে পারলেন না। বহু চেষ্টা করেও ব্যর্থ হলেন। ট্রাম্পের ফিতে বাঁধার কষ্ট দেখে ডকেরিও হেসে ফেললেন। ধৈর্য হারালেন ট্রাম্প। শেষে গিয়ে সেই নীল ফিতেয় গিট বাঁধতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট। তার পর হাত মিলিয়ে বাক্যালাপ করলেন ডকেরির সঙ্গে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘আটরুপার’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ১৪ লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। ২১ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বেচারার গলায় এ বার ফাঁস লেগে যাবে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘মেজর কি এখন আর শ্বাস নিতে পারছেন?’’

Viral Video Viral Story White House Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy