Advertisement
E-Paper

ছিল সরকারি চাকরির নিরাপত্তা, সম্মান, তবু চাকরি ছেড়ে বিদেশে অন্য কাজ! ভিডিয়োয় কারণ জানালেন প্রাক্তন পুলিশকর্তা

অতীতে দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত অধুনা অস্ট্রেলিয়ার ওই রিয়্যাল এস্টেট এজেন্টের নাম নিশান্ত তোমর। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৯:৩৮
Ex-cop from Delhi explains why he left his job and moved to Australia, video goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

ভারতে সরকারি চাকরি করতেন। সম্মান এবং আর্থিক নিরাপত্তা দুই-ই ছিল। তার পরেও চাকরি ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন! কেন? নিজেই ব্যাখ্যা দিলেন দিল্লি পুলিশের ওই প্রাক্তন আধিকারিক। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া যাওয়ার সিদ্ধান্ত তাঁর জীবন বদলে দিয়েছে। বর্তমানে তিনি নিজের বাড়ির মালিক এবং এক জন রিয়্যাল এস্টেট এজেন্ট হিসাবে অন্যদেরও একই স্বপ্ন পূরণে সহায়তা করছেন।

অতীতে দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত অধুনা অস্ট্রেলিয়ার ওই রিয়্যাল এস্টেট এজেন্টের নাম নিশান্ত তোমর। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। সেই ভিডিয়োয় তিনি ভারত থেকে অস্ট্রেলিয়া যাওয়ার যাত্রাপথ এবং পথে আসা নানা চ্যালেঞ্জ জয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। পোস্টের ক্যাপশনে নিশান্ত লিখেছেন, ‘‘দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর থেকে অস্ট্রেলিয়ার বাড়ির মালিক এবং রিয়্যাল এস্টেট এজেন্ট।’’

অজানা ভবিষ্যতের উপর ভরসা রেখে নেওয়া বড় সিদ্ধান্তের কথা স্মরণ করে ভিডিয়োয় নিশান্ত জানিয়েছেন, সরকারি চাকরির নিরাপত্তা ছেড়ে নতুন কোনও দেশে জীবন শুরু করার সিদ্ধান্ত নেওয়ায় তাঁর পরিচিত অনেকেই ভেবেছিলেন তিনি ভুল করছেন। পরিবর্তনের সময় অনিশ্চয়তা এবং চ্যালেঞ্জে ভরা ছিল। তবে অদম্য মনোবল এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁকে নতুন জীবন গড়তে সাহায্য করেছিল। নিশান্তের কথায়, এই যাত্রাপথেই তিনি অস্ট্রেলিয়ায় নিজের বাড়ির মালিক হয়েছেন এবং রিয়্যাল এস্টেট এজেন্ট হিসাবে কাজ শুরু করেছেন। এর মাধ্যমে তিনি অন্য পরিবারগুলিকেও তাদের প্রথম বাড়ি কিনতে সহায়তা করছেন।

ভিডিয়োতে জীবনের পরিবর্তনের বিভিন্ন ধাপ— দিল্লিতে পুলিশ অফিসার হিসাবে কাটানোর দিন থেকে শুরু করে অস্ট্রেলিয়ার জীবন তুলে ধরেছেন নিশান্ত। সেই সঙ্গে বাড়ি এবং আবাসন খাতে তাঁর কাজের কিছু দৃশ্যও স্থান পেয়েছে ভিডিয়োতে। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে প্রাক্তন পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই পরিবর্তন কোনও ভাগ্যের ফল ছিল না। বরং ঝুঁকি নেওয়া এবং কঠিন পরিস্থিতিতেও অবিচল ভাবে এগিয়ে যাওয়ার ফলেই তা সম্ভব হয়েছে। তিনি আরও জানিয়েছেন, জীবনের সবচেয়ে বড় সুযোগগুলি প্রায়শই এমন সব সিদ্ধান্ত থেকে আসে, যা শুরুতে সবচেয়ে ভুল বলে মনে হয়।

নিশান্ত ভিডিয়োটি পোস্ট করেছেন তাঁর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। তাঁর কাহিনি সমাজমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই ভিন্ন একটি দেশে তাঁর নতুন করে জীবন গড়ে তোলার জন্য প্রয়োজনীয় নিষ্ঠা এবং ধৈর্যের প্রশংসা করেছেন। অনেকেই আবার জানতে চেয়েছেন, ভারত ছেড়ে আসার সিদ্ধান্তটি শেষ পর্যন্ত সঠিক ছিল কি না এবং এখন তিনি সেই পদক্ষেপটিকে কী ভাবে দেখেন। কেউ কেউ তাঁকে জীবনে আরও সফল হওয়ার বার্তা দিয়েছেন।

Viral Video Instagram Viral Delhi Police Australia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy