Advertisement
E-Paper

করোনাকালে চাকরি যায়, পেটের দায়ে ১২ ঘণ্টা ফুটপাতে দোকান চালান ৮২-র বৃদ্ধ! ভাইরাল জীবন সংগ্রামের ভিডিয়ো

ফুটপাতের উপর পাতা প্লাস্টিকের টেবিল। তার উপর রাখা রয়েছে নানা রকমের নোনতা খাবারের প্যাকেট। পাশে রাখা একটি টুলে বসে রয়েছেন এক বৃদ্ধ। সংসার চালাতে সেই ছোট্ট দোকান ঘিরেই এগোচ্ছে তাঁর জীবন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১০:২৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ঠিক করে হাঁটতে পারেন না। স্নায়ুর সমস্যায় কাঁপে হাত-পা। বয়সও ৮০ পেরিয়েছে। তার পরও সংসারের খরচ জোগাতে প্রতি দিন ফুটপাতের উপর দোকান নিয়ে বসতে হয়। তাতে বিশেষ লাভও যে হয় তা নয়। কিন্তু অভাবের সংসারে যা আসে, তা-ই লক্ষ্মী। এই ভেবে দিন কাটান মনসুর নামের বৃদ্ধ। মন ছুঁয়ে যাওয়া এই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে, ঘটনাটি মুম্বইয়ের।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফুটপাতের উপর পাতা প্লাস্টিকের টেবিল। তার উপর রাখা রয়েছে নানা রকম নোনতা খাবারের প্যাকেট। পাশে রাখা একটি টুলে বসে রয়েছেন এক বৃদ্ধ। তাঁর নাম মনসুর। বয়স ৮২ বছর। এই বয়সেও বাড়ি থেকে এত সব নোনতা খাবারের প্যাকেট বোঝাই করে তিনি দোকান দিতে আসেন। ছুটি নেন না এক দিনও। কারণ, তা হলে সংসারে অভাব আরও বেড়ে যাবে। ভিডিয়ো অনুসারে, মনসুর নামের সেই বৃদ্ধ দৈনিক ১২ ঘণ্টা সেখানেই ঠায় বসে থাকেন। তার পরও মাঝেমধ্যে ৩০০ টাকার বেশি আয় হয় না। সেই বৃদ্ধের বোন তাঁকে যে খাবারগুলি বানিয়ে দেন, সেগুলি এনেই তিনি বিক্রি করেন।

ভিডিয়ো থেকে আরও জানা গিয়েছে, সেই বৃদ্ধ আগে শাড়ির দোকানে সেলসম্যানের কাজ করতেন। ২০২০-তে করোনার সময় তাঁর চাকরি চলে যায়। তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁর ছেলেকেও বাবার দেখাশোনা করার জন্য চাকরি ছাড়তে হয়। তার পর থেকে সংসারে অভাবের শেষ নেই। বর্তমানে তাঁর ছেলে কী করেন সে সম্বন্ধে ভিডিয়ো থেকে কিছু জানা যায়নি। কিন্তু মনসুর এখনও নিয়মিত দোকানে আসেন, যাতে দু’বেলা দু’মুঠো খেতে পারেন। নিত্য কত টাকার কেনাবেচা হচ্ছে কাঁপা কাঁপা হাতে তা তিনি একটি ছোট ডায়েরিতে লিখে রাখেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘স্টোরিসবাইআরাধনা’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রায় ১৫ লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা মন ভাল করা মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। বহু নেটাগরিক বৃদ্ধের দোকানটি ঠিক কোথায় অবস্থিত তা জানতে চেয়েছেন। অনেকে বৃদ্ধকে সাহায্য করার আর্জিও জানিয়েছেন।

Viral Video Viral Story Mumbai Instagram Reel Instagram Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy