Advertisement
E-Paper

১১ বছর পর অবসর ভেঙে ফিরছেন রোনাল্ডিনহো! বিশ্বকাপের মাঝেই ইটালির অখ্যাত ক্লাবে সই ব্রাজ়িলের কিংবদন্তির

২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে খেলে অবসর নিয়েছিলেন রোনাল্ডিনহো। ১১ বছর পর আবার মাঠে দেখা যাবে তাঁকে। ইটালির এক ক্লাবে সই করেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ২১:৩৯
football

নতুন ক্লাবে সই করার পর রোনাল্ডিনহো। ছবি: এক্স।

৩৯ বছরের লিয়োনেল মেসি ও ৪১ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বকাপে খেলছেন। তাঁদের দেখে কি অনুপ্রাণিত হলেন রোনাল্ডিনহো? ৪৬ বছর বয়সে আবার ফুটবলে প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি।

২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে খেলে অবসর নিয়েছিলেন রোনাল্ডিনহো। ১১ বছর পর আবার মাঠে দেখা যাবে তাঁকে। ইটালির এক অখ্যাত ক্লাব রাভেন্নায় সই করেছেন তিনি। বিশ্বকাপের মাঝেই এই কথা জানা গিয়েছে।

সিরি সি-তে খেলে রাভেন্না। অর্থাৎ, ইটালির তৃতীয় ডিভিশনের দল তারা। গত মরসুমে একটুর জন্য দ্বিতীয় ডিভিশনে উঠতে ব্যর্থ হয়েছিল রাভেন্না। তারা চাইছে আগামী মরসুমে দ্বিতীয় ডিভিশনে উঠতে। সেই জন্য রোনাল্ডিনহোর মতো অভিজ্ঞ ফুটবলারকে সই করিয়েছে রাভেন্না।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আগামী সপ্তাহে মায়ামিতে একটি অনুষ্ঠান রয়েছে। সেখানেই রোনাল্ডিনহোর নতুন দলে যোগদানের খবর ঘোষণা করা হবে। তার আগে রোনাল্ডিনহো বলেছেন, “নতুন জার্সি। নতুন মজা। আমি অপেক্ষা করতে পারছি না মাঠে নামার। আবার বল নাচাব। আবার নতুন গল্প লিখব।” ব্রাজ়িলের হয়ে বিশ্বকাপজয়ী তারকা আরও বলেছেন, “ফুটবল সব সময়ই আমার আনন্দের সেরা উৎস। রাভেন্নার হয়েও সেটা বজায় রাখতে চাই।”

রাভেন্না দলের মালিক কিপ্রিয়ানি পরিবার। তারা জানিয়েছে, “২৪ বছর ধরে আমরা আমেরিকায় বসবাস করছি। কিন্তু এখনও রাভেন্না আমাদের বাড়ি। সেখানে রোনাল্ডিনহোকে স্বাগত। রোনাল্ডিনহো বরাবরই আমাদের খুব পছন্দের ফুটবলার। ও মাঠে কী করতে পারে, সেটা আমরা সকলেই জানি। আশা করি, রাভেন্নার হয়েও রোনাল্ডিনহো সেই জাদু দেখাবে।”

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তবে রাভেন্নার হয়ে রোনাল্ডিনহো আদৌ মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ক্লাবের সহ-সভাপতি আরিয়েদো ব্রাইদা। তিনি বলেছেন, “রোনাল্ডিনহো আমাদের ক্লাবের প্রচার করবে। ও আমাদের ক্লাবের মুখ। আমরা চাই, ও আমাদের হয়ে খেলুক। কিন্তু রোনাল্ডিনহো আদৌ খেলতে পারবে কি না, তা আমরা জানি না। ও দুর্দান্ত ফুটবলার। কিন্তু ওর বয়সটাও দেখতে হবে।”

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
৬ ঘণ্টা আগে
Ronaldinho Brazil Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy