E-Paper

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি, হাতা-খুন্তি নিয়ে মিছিলের ডাক মমতার

যুদ্ধ পরিস্থিতিতে জোগানের সমস্যা হওয়ায় রান্নার গ্যাসের (১৪.২ কেজি সিলিন্ডার) দাম ৬০ টাকা বেড়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৮:১৫
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

রান্নার গ্যাসের আচমকা মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিজেপিকে সরকারকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই আজ, রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দলের কর্মসূচির সঙ্গে এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ জুড়ে দিলেন তিনি। ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ধর্না-মঞ্চ থেকে শনিবার মমতা বলেছেন, ‘‘গ্যাসের দাম বেড়েছে। মহিলা ভোটারদের নাম কেটেছে। গ্যাস নাই, রান্না নাই, খাবার নাই! আন্তর্জাতিক নারী দিবসে হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি হাতা, খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিল হবে।’’

মুখ্যমন্ত্রী তথা শাসক দলের এই অবস্থান নিয়ে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘‘উনি তো রাজ্যে ক্ষমতায় আছেন, উনি দু’টো করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দিচ্ছেন না কেন?’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘এখন বিপদের সময়। দেশের বিপদে যাঁরা রাজনীতি করেন, তাঁরা দেশকে কতটা ভালোবাসেন বোঝাই যাচ্ছে!’’

যুদ্ধ পরিস্থিতিতে জোগানের সমস্যা হওয়ায় রান্নার গ্যাসের (১৪.২ কেজি সিলিন্ডার) দাম ৬০ টাকা বেড়েছে। প্রতি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। স্বাভাবিক ভাবেই ভোটের আগে রাজ্যের রাজনীতির কেন্দ্রে চলে এসেছে এই মূল্যবৃদ্ধি। তাকে সামনে রেখেই নারী দিবসের কর্মসূচিতে প্রতিবাদে নামার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। ধর্মতলার মেট্রো চ্যানেলে শুরু এসআইআর-বিরোধী ধর্নামঞ্চ থেকে মমতা এ দিন বলেন, ‘‘কেরোসিনও নেই যে স্টোভ জ্বালাবে, কোটা বন্ধ। কার মাথা চেবাবে, আমাদের, না আপনাদের? বাস্তব জীবনে সকলের যা প্রয়োজন, তা নেই। গ্যাস না-থাকলে কার মাথা খেয়ে থাকবেন!’’ গ্যাস বুকিংয়ের জন্য ২১ দিনের সময় (যদিও ওই সময়সীমা ২৫ দিন করার ঘোষণা হয়েছে এ দিনই) নিয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতার প্রশ্ন, ‘‘আগে কী করছিলেন? পরিকল্পনা করেননি কেন? ঘুমোচ্ছিলেন?’’ তার পরেই নাম না-করে প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘‘উপহার নিয়ে বেড়াচ্ছিলেন?’’

প্রসঙ্গত, এই ধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দামও বেড়েছে অনেকটা। ১৯ কেজি সিলিন্ডারের আগে দাম ছিল ১,৮৭৫ টাকা ৫০ পয়সা। এ বার দাম বাড়ার পরে সিলিন্ডার প্রতি দাম হচ্ছে ১,৯৯০ টাকা। এই মূল্যবৃদ্ধি নিয়ে মিছিলের নির্দেশ দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘‘মহিলাদের ভোট কেটেছে বলে, সে সংখ্যালঘু হোক, জনজাতি হোক, রাজবংশী হোক, তফসিলি হোক, শুধু মানবিকতা পালনের জন্য মা-বোনেরা রাস্তায় নামুন, প্রতিবাদ করুন।’’ তাঁর নির্দেশ, ‘‘মিছিলে কালো শাড়ি পরুন। আমি সাদা পরব।’’ মহিলা আইনজীবীদের কালো কোট পরার কথাও বলেছেন তিনি।

রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে সরব হয়েছে সিপিএমও। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, ‘‘বিশ্বগুরু মোদী তাঁর আমেরিকান ডন ট্রাম্পের কাছে নতজানু! রাশিয়া থেকে তেল আমদানি আপাতত এক মাস বরাদ্দ। ডলারের দামে রেকর্ড, গ্যাসের দামে বেহিসেবি বৃদ্ধি। সব কিছুর বোঝা এসে চাপছে মানুষের ঘাড়ে!’’

বিজেপির নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী অবশ্য প্রশ্ন তুলেছেন, ‘‘গ্যাসের দাম কি বিজেপি বাড়িয়েছে? গ্যাস কোথা থেকে আসে? উনি (মুখ্যমন্ত্রী) জানেন না, সেখানে কী অবস্থা! যুদ্ধ চলছে। জোগানে টান রয়েছে। এর পর হয়তো পেট্রল, ডিজ়েলের দাম বাড়বে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, অন্য রাজ্যে পেট্রল-ডিজ়েলের দাম কম। এই রাজ্যে কেন ছাড় দেওয়া হয় না?’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Mamata Banerjee LPG Price

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy