Advertisement
E-Paper

ট্রেনের কামরায় হারানো ব্যাগ দু’দিন পর ফেরত এল ট্রেনে করেই!

ট্রেনের কামরায় ব্যাগটি ঝুলিয়ে রেখেছিলেন সাবিত্রীদেবী। ব্যাগে ৫ হাজার টাকা-সহ চিকিৎসকের প্রেসক্রিপশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৮ ০১:৫৭
হারিয়ে যাওয়া ব্যাগ তুলে দেওয়া হচ্ছে সাবিত্রীদেবীর হাতে।

হারিয়ে যাওয়া ব্যাগ তুলে দেওয়া হচ্ছে সাবিত্রীদেবীর হাতে।

আত্মীয়ার চিকিৎসা করিয়ে হলদিয়া-আসানসোল এক্সপ্রেসে বুধবার গড়বেতার হুমগড়ে ফিরছিলেন তাঁরা। তাড়াহুড়োয় ব্যাগ না নিয়েই গড়বেতা স্টেশনে ট্রেন থেকে নেমে গিয়েছিলেন। দু’দিন পর খোয়া যাওয়া ব্যাগ ফেরত পেলেন পেশায় নার্স সাবিত্রী দাস।

ট্রেনের কামরায় ব্যাগটি ঝুলিয়ে রেখেছিলেন সাবিত্রীদেবী। ব্যাগে ৫ হাজার টাকা-সহ চিকিৎসকের প্রেসক্রিপশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র। রোগীকে নিয়ে ট্রেনেই ব্যস্ত হয়ে পড়েন তিনি। গড়বেতা স্টেশনে ট্রেন থামলে নামার তাড়ায় ব্যাগ নিতে ভুলে যান ওই মহিলা। রোগীকে নিয়েই নেমে পড়েন তিনি। ব্যাগটি ট্রেনে ফেলে আসার বিষয়টি তখন মাথাতেই ছিল না তাঁর। রোগীকে নিয়ে টোটো ধরে প্রায় ৬ কিলোমিটার দূরে হুমগড়ের বাড়িতে পৌঁছন সাবিত্রীদেবী। বাড়িতে পৌছে চিকিৎসক কী ওষুধ দিয়েছেন দেখতে গিয়ে খেয়াল হয়, ব্যাগটি তিনি ভুলে ফেলে এসেছেন ট্রেনেই। মাথায় হাত পড়ে ওই মহিলার।

এরপরেই তিনি রেলযাত্রী সংগঠন খড়্গপুর-আদ্রা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্য গড়বেতার দিলীপ গড়াইকে ফোন করে বিষয়টি জানান সাবিত্রীদেবী। সাবিত্রী দাস বলেন, ‘‘তাড়াহুড়ো করে নামতে গিয়ে ব্যাগটি নিতে ভুলে যাই। যখন মনে পড়ে তখন অনেক দেরি হয়ে গিয়েছে, রেলযাত্রী সংগঠনের একজন কর্মীকে জানাই।’’ দিলীপবাবু বলেন, ‘‘ওই মহিলা খুব নার্ভাস হয়ে পড়েছিলেন, আমাকে ব্যাগটি খুঁজে দেওয়ার জন্য অনুরোধ করছিলেন বারবার। আমি আমাদের সংগঠনের সম্পাদক দুর্গাদাস দেকে জানাই।’’

আরও পড়ুন: ১০-২০ টাকার দিন শেষ! ন্যূনতম ৩৫ টাকার রিচার্জ না করালে বন্ধ হবে নম্বর

এরপর বুধবার রাতেই সংগঠনের পক্ষ থেকে দুর্গাদাস দে আদ্রায় সিনিয়র ডিসিএম অফিসে যোগাযোগ করেন। ওই অফিসে কর্মরত রেলকর্মী সোমনাথ ঘোষকে গোটা বিষয়টা জানান। ততক্ষণে আদ্রা স্টেশনে ঢুকে পড়েছে হলদিয়া-আসানসোল এক্সপ্রেস।

রেল সূত্রে দাবি,সোমনাথবাবুর উদ্যোগে কয়েকজন রেলকর্মী ট্রেনের কামরায় উঠে সাবিত্রীদেবীর ব্যাগটি খুঁজে বের করেন। বৃহস্পতিবার রেলকর্মীরা হাতিয়া-খড়্গপুর প্যাসেঞ্জার ট্রেনের গার্ডের হাতে ব্যাগটি তুলে দিয়ে গড়বেতা রেলস্টেশনে জানিয়ে দেন। স্টেশন থেকে রেলযাত্রী সংগঠনের কর্মকর্তাদের খবর দেওয়া হয়।

আরও পড়ুন: টিকিটবিহীন পড়ুয়াকে আটক করায় এক ঘণ্টা গেদে স্টেশন অবরোধ করলেন স্থানীয়েরা!

শুক্রবার রেলযাত্রী সংগঠনের পক্ষ থেকে ব্যাগটি সাবিত্রীদেবীর হাতে তুলে দেওয়া হয়। মহিলার ওই ব্যাগে ছিল ৫ হাজার টাকা সহ চিকিৎসকের প্রেসক্রিপশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র। খোয়া যাওয়া ব্যাগ দু’দিন পর ফিরে পেয়ে খুশি সাবিত্রীদেবী। রেলযাত্রী সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘রেলযাত্রী ও রেলকর্মীরা তৎপরতার সাথে এগিয়ে না এলে ব্যাগটা ফিরে পেতাম না। ওদের ধন্যবাদ জানাই।’’

Indian Railways Rail
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy