জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পুলিশকর্মী। মৃত্যু হয়েছে পুলিশের গাড়ির চালকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন পুলিশকর্মী। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা।
স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে চন্দ্রকোনা রোডে ৬০ নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরি এবং পুলিশের গাড়ির। অকুস্থলেই মারা যান সমীর দোলুই নামে ৩৮ বছরের এক পুলিশকর্মী। মারা গিয়েছেন ৫৩ বছরের শেখ আমিন। তিনি পুলিশের গাড়ি চালাতেন। ওই গাড়িতে থাকা আরও তিন পুলিশকর্মী গুরুতর জখম হন। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত পুলিশের গাড়িটি মেদিনীপুর পুলিশ লাইন থেকে গড়বেতা থানার দিকে যাচ্ছিল। গাড়িতে থাকা পুলিশকর্মীরা কাজে যোগ দিতে যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টা নাগাদ চন্দ্রকোনা রোড এলাকায় কুবাই সেতুর কাছে গাড়িটির সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়। লরিটিকে আটক করেছে পুলিশ।