E-Paper

দেবের শেষবেলার প্রচারে মাস্টার প্ল্যান

এ দিন বিকেল চারটের ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে কপ্টারে নামেন দেব। তিনি নামার সময় স্টেডিয়ামে কোনও লোকজন ছিল না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১০:১৫
তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে রোড শোতে দেব। ঘাটালের রাধানগরে।

তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে রোড শোতে দেব। ঘাটালের রাধানগরে। ছবি: কৌশিক সাঁতরা।

দেব কি ‘ঘাটাল মাস্টার প্ল্যানে’র অ্যাটলাস! কটাক্ষ করে বলছে বিরোধীরা।

গ্রিসের পৌরাণিক চরিত্র অ্যাটলাস কাঁধে পৃথিবী ধারণ করতেন।

ঘাটাল মাস্টার প্ল্যানের অন্যতম মুখ তৃণমূল সাংসদ দেবের মুখেই শুধু এখন শোনা যাচ্ছে বন্যা নিয়ন্ত্রণের বহু প্রতীক্ষিত এই পরিকল্পনার কথা। তৃণমূলের আর কোনও গুরুত্বপূর্ণ নেতানেত্রীরা এ বারে ‘ঘাটাল মাস্টার প্ল্যানে’র কথা মুখে আনছেন না। তবে রবিবাসরীয় প্রচারে দেবের ধারাবাহিকতায় ছন্দপতন নেই।

এ দিন বিকেল চারটের ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে কপ্টারে নামেন দেব। তিনি নামার সময় স্টেডিয়ামে কোনও লোকজন ছিল না। জনা কয়েক সাংবাদিক এবং স্থানীয় দু’চার জন তৃণমূল নেতা ছাড়া আর কাউকে দেখা যায়নি। ঘাটাল থেকে সড়কপথে সাংসদ ইড়পালায় সভা করেন। বিজেপি প্রভাবিত ইড়পালায় সভায় ভিড় পাতলা থাকলেও দেবকে ঘিরে উন্মাদনার খামতি ছিল না গ্রামের তরুণীদের। তবে ভিড়ের মধ্যেই ঠেলাঠেলি করে দেবকে মঞ্চে উঠতে হওয়ায় মুখেচোখে বিরক্তির ছাপ ফুটে উঠে। মঞ্চে তখন সাংসদ প্রতিনিধি রাম মান্নার হাতে মাইক্রোফোন। রামের হাত থেকে মাইক্রোফোন কার্যত নিয়ে নিয়ে বক্তৃা করতে দেখা যায় দেবকে। সেখানে তিনি সাকুল্যে মিনিট চার-পাঁচেক ছিলেন। মঞ্চ ছাড়ার আগে প্রার্থীর হাত ধরে ভোট দিয়ে জেতানোর কথা বলেন। ইড়পালায় সাংসদ বলেন, “ লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী-সহ বিভিন্ন প্রকল্প চলছে। উন্নয়ন যে দল করছে, ভোটটা সেই দলকেই দেওয়া উচিত। তৃণমূল উন্নয়ন করছে। তাই আমাদের প্রার্থী শ্যামলীকে ভোট দেওয়া উচিত।” এর পর তাঁকে বলতে শোনা যায়, ‘‘কাজের নিরিখে ভোট দিন। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কথা তৃণমূল বলেছিল। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের কাজ চলছে। তৃণমূল কথা দিলে কথা রাখে।”

ইড়পালা থেকে দেব রোড শোয়ে অংশ নেন। ঘাটালের সিংহডাঙা থেকে শুরু হয় তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে ওই রোড শো। হুডখোলা গাড়িতে দেব মিনিট কয়েক ছিলেন। তারই মধ্যে ফের উল্লেখ করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। পরে ঘাটালে ফিরে কপ্টারে চড়ে ঘাটাল ছাড়েন। শেষ প্রচারে এসে সবমিলিয়ে ঘাটালে ঘণ্টা খানেক (কপ্টার থেকে নামা ওঠা সহ) ছিলেন ভোট প্রচারের অন্যতম মুখ দেব।

দলীয় প্রার্থীদের হয়ে দফায় দফায় মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সবর্ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় ঘুরে গেলেও ঘাটালে আসেননি এখনও। ঘাটাল নিয়ে কোনও উচ্চবাচ্য শোনা যায়নি তাঁদের মুখে। মাস্টার প্ল্যান তো দূর অস্ত। তবে সাংসদকে ‘ঘাটাল মাস্টার প্ল্যানের কারিগর’ হিসাবে উল্লেখ করে তাঁর ছবি-সহ প্রচার করেছিলেন সাংসদ অনুগামীরা। শুধুমাত্র দেব শিবিরের এই মাস্টার প্ল্যান তৎপরতা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট বলেন, ‘‘প্রচারে এলে কিছু তো বলতে হবে। দেব তাই মাস্টার প্ল্যান নিয়েই পড়ে রয়েছেন। প্রকল্প নিয়ে ঘাটালের মানুষ যে খেপে আছেন, তা টের পেয়েই দলের নেতা নেত্রীরা ঘাটাল এড়িয়ে চলছেন।’’ শাসক দলের একাংশের কাছেও বিষয়টি বিসদৃশ ঠেকেছে। তবে প্রকাশ্যে তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজী বলেন, "মুখ্যমন্ত্রী চেয়েছিলেন তাই ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে। তবে দেব প্রথম থেকেই সরব ছিলেন। ভাবিয়ে ছিলেন। তাই দেবের অবদান ভোলার নয়।"

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Ghatal Master Plan Dev TMC ghatal

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy