Advertisement
E-Paper

হনুমানের লাফে ভাঙল গাছের ডাল, নাতনির অন্নপ্রাশনে নিমন্ত্রণ করতে বেরিয়ে বেঘোরে প্রাণ গেল দাদুর!

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ধারে থাকা গাছগুলিতে লাফ দিচ্ছিল হনুমানের দল। সেই সময় একটি বড় ডাল ভেঙে পড়ে রাস্তা দিয়ে যাওয়া প্রৌঢ়ের মাথায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ২১:৪৪

—প্রতিনিধিত্বমূলক ছবি।

হনুমানের লাফে ডাল ভেঙে পড়ল পথচলতি এক প্রৌঢ়ের মাথায়। ঘটনাস্থলে মৃত্যু হল তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার নাতনির অন্নপ্রাশন উপলক্ষে আত্মীয়, বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করতে বেরিয়েছিলেন তরুণ পাঁজা নামে এক প্রৌঢ়। সবং থানার বলপাই-৯ নম্বর অঞ্চলের পানপাড়ার ওই বাসিন্দা সকালে গিয়েছিলেন পিংলায়। সেখানকার জলচক এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটি গাছ থেকে কাঁচা ডাল ভেঙে তরুণের মাথায় পড়ে। স্থানীয়েরা তাঁকে উদ্ধার কপে পিংলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ধারে থাকা গাছগুলিতে লাফ দিচ্ছিল হনুমানের দল। সেই সময় একটি বড় ডাল ভেঙে পড়ে রাস্তা দিয়ে যাওয়া তরুণের মাথায়। এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। তৃণমূলের সবং ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স দুঃখপ্রকাশ করে বলেন, ‘‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা সমব্যথী।’’

পুলিশ মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। মৃতের ভাই অমলকুমার পাঁজা বলেন, ‘‘দিন কয়েক পরেই নাতনির অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল। সে জন্য দাদা আত্মীয়বাড়ি গিয়েছিলেন নিমন্ত্রণ করতে। হঠৎ খবর এল দাদা আর নেই! ভাবতে পারছি না।’’ পুলিশ জানিয়েছে, খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Death monkey Paschim Medinipur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy