সর্বভারতীয় সভাপতির কাছে জেলা পুলিশের বিরুদ্ধে নালিশ জানালেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, বুধবার কলকাতায় গিয়ে জেলা বিজেপির ৮ সদস্যের এক প্রতিনিধি দল অমিত শাহের সঙ্গে দেখা করেন। বিকেলে ওই বৈঠকে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিদ্ধার্থনাথ সিংহ, রাজ্য সভাপতি রাহুল সিংহ। জেলা প্রতিনিধি দলে ছিলেন বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়, সহ-সভাপতি অন্তরা ভট্টাচার্য, সুকুমার ভুঁইয়া, জেলা সাধারণ সম্পাদক বাবলু বরম প্রমুখ। তুষারবাবু বলেন, “অমিত শাহ আমাদের সব কথা মন দিয়ে শুনেছেন।” তুষারবাবুর জানান, পুলিশ যে ভাবে দলের কর্মী-সমর্থকদের নানা ভাবে ভয় দেখাচ্ছে, মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, সেই বিষয়টিও সর্বভারতীয় সভাপতিকে জানানো হয়েছে। পাশাপাশি, রেলের কয়েকটি বিষয় সম্পর্কে জানানো হয়েছে। রেলের একাংশ অফিসার- কর্মী দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন বলেও দাবি তুষারবাবু। পাশাপাশি তাঁর দাবি, পুরসভা রেলের সঙ্গে সম্বন্বয় রেখে কাজ করছে না। ফলে, খড়্গপুরের উন্নয়ন ব্যাহত হচ্ছে।