Advertisement
E-Paper

টুকরো খবর

দু’দিনের টানা বৃষ্টিতে জঙ্গিপুরের বাজারে এক ধাক্কায় সব্জির দাম কমেছে অনেকটাই। কিন্তু হেরফের নেই আলুর দামে। অন্তত রবিবার পর্যন্ত সে রকম কোনও সম্ভাবনাও চোখে পড়েনি। সর্বত্রই আলু বিক্রি হয়েছে ২০ টাকা কেজি দরে। জঙ্গিপুরের বাজারে প্রায় ৮০ শতাংশ সব্জির জোগান দেয় আশপাশের গ্রামগুলি।

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৪ ০১:১০

জঙ্গিপুরে দাম কমল সব্জির
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ

দু’দিনের টানা বৃষ্টিতে জঙ্গিপুরের বাজারে এক ধাক্কায় সব্জির দাম কমেছে অনেকটাই। কিন্তু হেরফের নেই আলুর দামে। অন্তত রবিবার পর্যন্ত সে রকম কোনও সম্ভাবনাও চোখে পড়েনি। সর্বত্রই আলু বিক্রি হয়েছে ২০ টাকা কেজি দরে। জঙ্গিপুরের বাজারে প্রায় ৮০ শতাংশ সব্জির জোগান দেয় আশপাশের গ্রামগুলি। ধনপতনগর, আইলেরউপর, নিস্তা লালখান্দিয়ার প্রভৃতি গ্রামে পটল, ঢ্যাঁড়শ, বেগুন, শাক, উচ্ছে-সহ অন্যান্য সব্জির চাষ হয় বিপুল পরিমাণে। স্থানীয় বাজারে প্রতিদিন তা নিয়ে আসে শতাধিক চাষি। গত দু’দিন ধরে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে জঙ্গিপুরে। ফলে জমিতে সব্জি রাখার ঝুঁকি নিচ্ছেন না চাষিরা। সেই কারণেই সব্জির দাম কমেছে বলে জানিয়েছে জেলার উদ্যান পালন দফতর। রবিবার খুচরো বাজারে বেগুনের দাম ছিল ২০ টাকা কেজি, টমাটো ৩০ টাকা, পটল ১৫ টাকা, ঢ্যাঁড়শ ১৮ টাকা, উচ্ছে ২০ টাকা, কুমড়ো ১০ টাকা, চালকুমড়ো ১৫ টাকা প্রতি কেজি। পেঁয়াজের দর ছিল ১২ টাকা কেজি প্রতি, লঙ্কা ৪০ টাকা। পাশেই তুলসী বাড়ির পাইকারি বাজারে দাম ছিল আরও কম। তবে জঙ্গিপুরে রবিবার একসময় রটে যায় সোমবার বাজারে আলু মিলবে না। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলু কেনার হিড়িক পড়ে যায় ক্রেতাদের মধ্যে। তবে দর ছিল সর্বত্রই ২০ টাকা। দর কমেনি আদারও। ১৫০ টাকা প্রতি কেজি দরে বিকিয়েছে আদা। জেলার উদ্যান পালন দফতরের আধিকারিক শুভদীপ নাথ বলেন, “স্থানীয় এলাকায় সব্জি চাষ প্রচুর পরিমাণে হয় বলেই দাম নিয়ন্ত্রণে রয়েছে। তাছাড়া বৃষ্টিও একটা দাম কমার বড় কারণ।”

Advertisement

স্ত্রী-র শ্লীলতাহানি, ধৃত স্বামী

স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগে শনিবার স্বামীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হলে অভিযুক্ত পূর্ণচন্দ্র মণ্ডলকে ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন বিচারপতি। সরকারি আইনজীবী সোমনাথ চৌধুরী জানান, বাহাদিনগর গ্রামের এক মহিলা স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানান। বছর ১২ আগে তাঁদের বিয়ে হয়েছিল। রয়েছে ১১ বছর এবং আড়াই বছরের দু’টি মেয়েও। মাস দেড়েক আগে মারধর করে পূর্ণচন্দ্র মণ্ডল তাঁর স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। তারপর থেকে দুই মেয়েকে নিয়ে দিদির বাড়িতেই ছিলেন ওই মহিলা। অভিযোগ শনিবার সকাল ১০ টা নাগাদ জঙ্গিপুর হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে পূর্ণচন্দ্রবাবু কয়েকজন সঙ্গীকে নিয়ে রাস্তা আটকে মারধর করেন তাঁকে। শ্লীলতাহানিও করেন বলে অভিযোগ করেছেন মহিলা। জামিন অযোগ্য ৩৫৪ ধারা-সহ বিভিন্ন ধারায় গ্রেফতার করা হয়। আদালত ২০ অগস্ট পর্যন্ত অস্থায়ী জামিনে মুক্তি দেন।

টাকা ছিনতাই

ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার সময় এক ব্যবসায়ীর কাছ থেকে ব্যাগ ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে চাকদহের চৌমাথা এলাকায়। কমলকৃষ্ণ রায় নামে তাতলা ২ গ্রাম পঞ্চায়েতের কামালপুর এলাকার ওই ব্যবসায়ী পান, সুপারি ও পানের মশলার ব্যবসা করেন। এদিন সকাল ১১টা নাগাদ চাকদহ বাসস্ট্যান্ডের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। চৌমাথায় ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে একটি মোটর বাইকে দু’জন দুষ্কৃতী এসে ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। কমলবাবু বলেন, “আমি ব্যবসার জন্য ঋণ নিয়েছিলাম। এদিন ব্যাঙ্ক থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলাম। কুড়ি হাজার টাকা প্যান্টের পকেটে ছিল। এক লক্ষ টাকার ব্যাগটা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।”

ওড়িশায় অপহৃত কিশোরী জঙ্গিপুরে

ওড়িশার সম্বলপুর থেকে অপহৃত ১৩ বছরের এক কিশোরীকে উদ্ধার করা হল জঙ্গিপুর থেকে। শনিবার রাতে সোনারপাড়া গ্রাম থেকে তাকে উদ্ধার করে ওড়িশা পুলিশ। গ্রেফতার করা হয় শরিফ শেখ নামে এক যুবককে। উদ্ধার হওয়া কিশোরী ও ধৃত যুবককে রবিবার জঙ্গিপুরের ভারপ্রাপ্ত এসিজেএমের আদালতে হাজির করা হয়। ৪ দিনের ট্রানজিট রিমান্ডে তাদের নিয়ে ওড়িশা রওনা দেয় পুলিশ। এদিন জঙ্গিপুর আদালতে হাজির ছিলেন ওই কিশোরীর মা। সম্বলপুরের আস্থাবলি থানার তদন্তকারী পুলিশ আধিকারিক মনোরঞ্জন দাশ বলেন, “অভিযুক্ত যুবক শরিফ ওড়িশায় কাজে গিয়েছিল। সেখান থেকে গত ৬ অগস্ট এক রেলকর্মীর ১৩ বছরের মেয়েকে ভুল বুঝিয়ে অপহরণ করে নিয়ে জঙ্গিপুরে পালিয়ে আসে। শরিফ শেখের বাড়ি থেকেই উদ্ধার করা হয় ওই কিশোরীকে।

সবিস্তার জানতে ক্লিক করুন।

করিমপুরে তৃণমূলে যোগ

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন করিমপুরের সিপিএমের কিছু নেতা-কর্মী। রবিবার বিকেলে করিমপুর বাসস্ট্যান্ডে তৃণমূলের একটি অনুষ্ঠানে করিমপুর ১ ব্লকের করিমপুর ২ পঞ্চায়েতের আনন্দপল্লি লোকাল কমিটির সম্পাদক সুশীল দে, যমশেরপুর পঞ্চায়েতের সদস্যা মর্জিনা বিবি-সহ শ’তিনেক কর্মী-সমর্থক আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন। গত পঞ্চায়েত নির্বাচনে ২৪ আসনের পঞ্চায়েতে তৃণমূল ৪, সিপিএম ১২, ফরওয়ার্ড ব্লক ১, বিজেপি ৩, কংগ্রেস ৩ ও নির্দল প্রার্থীর একটি আসন ছিল। গত ছয় মাসে দাঁড়াল তৃণমূল ১৪, সিপিএম ৭ ও বিজেপি ৩-এ।

ক্ষতবিক্ষত যুবকের দেহ

এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম সঞ্জীব গোস্বামী (৩২)। শনিবার রাতে নদিয়ার রানাঘাট থানার কীর্তিনগরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পেশায় ভ্যান চালক ওই যুবকের বাড়ি ঘটনাস্থল থেকে খানিকটা দূরে দয়ালনগরে। মৃতদেহের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন ছিল।

ধৃত প্রধান শিক্ষক

প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার হলেন প্রধান শিক্ষক। শনিবার দুপুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রাজনগর প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। অভিযুক্ত শাহাজুদ্দিন শেখের বাড়ি বেলডাঙার সারগাছিতে।

স্কুলে তালা

শিক্ষকরা নিয়মিত আসেন না, ঠিক মতো মিড ডে মিল পাচ্ছে না পড়ুয়ারা-সহ নানা অভিযোগে শনিবার হরিবরপাড়া প্রদীপডাঙা শিশুশিক্ষা কেন্দ্রে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। বিডিও জানান, অভিযোগ খতিয়ে দেখা হবে।

মহিলার দেহ

ভাগীরথী থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ। রবিবার সকালে বেলডাঙার কামারপুর ঘাটের কাছ ভাসতে দেখা যায় বছর পঁয়ত্রিশের ওই মহিলার দেহ।

ঝুলন্ত দেহ

গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃত বিমল দাসের (৪৮) বাড়ি তেহট্টের বেতাই তাবুপাড়ায়। রবিবার ভোরে সাধুবাজারে গাছে ঝুলন্ত দেহ মেলে।

কোথায় কী

তেহট্টের বেতাই আগমনী ক্লাবের উদ্যোগে সকাল দশটায় শুরু হবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির।
বিকেল পাঁচটায় বিধায়ক তহবিলের অ্যাম্বুল্যান্সের শুভ উদ্বোধন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy