E-Paper

বিজেপি নেতাদের ভিড়ে হাজির দিলীপ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক অসীমকুমার বিশ্বাস-সহ একাধিক নেতা।

সুদেব দাস

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৭:৫৭
বিজেপির সাংসদ, বিধায়কদের সঙ্গে কুপার্সের তৃণমূল নেতা দিলীপ দাস।

বিজেপির সাংসদ, বিধায়কদের সঙ্গে কুপার্সের তৃণমূল নেতা দিলীপ দাস। — নিজস্ব চিত্র।

রাজ্যে সরকার পরিবর্তনের পরে সরকারি নির্দেশ মেনে প্রশাসকের পদ থেকে সরে দাঁড়ান কুপার্সের তৃণমূল নেতা দিলীপ দাস। নতুন সরকার গঠনের পরে তাঁকে প্রকাশ্যে বিরোধিতার পথে হাঁটতে দেখা যায়নি। তাঁর দলবদল নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছিল। সেই আবহেই শনিবার চাকদহের এক প্রেক্ষাগৃহে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশনের ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির একঝাঁক নেতা ও বিধায়কদের ভিড়ে দিলীপ দাসের উপস্থিতি নতুন করে জল্পনা বাড়িয়েছে।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক অসীমকুমার বিশ্বাস-সহ একাধিক নেতা। বিজেপির একটি সূত্রের দাবি, রাজ্যের পালাবদলের পর থেকেই দিলীপ বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। তার ইঙ্গিতও মিলেছে বলে দলের একাংশের দাবি। যদিও দিলীপের বক্তব্য, ‘‘অনুষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক। আর পাঁচ জন ব্যবসায়ীর মতো আমিও আমন্ত্রণ পেয়েছি। তাই রাজনীতি না দেখে অনুষ্ঠানে এসেছি।’’

রানাঘাটে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে দিলীপের একটি পলিক্লিনিক রয়েছে। বছরখানেক আগে তার উদ্বোধনে রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল। তবে দিলীপের উপস্থিতি নিয়ে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক অসীমকুমার বিশ্বাসেঁর বক্তব্য, ‘‘আমি জানতাম না তৃণমূলের ওই নেতা অনুষ্ঠানে থাকবেন। জানলে আমি নিজে যেতাম না।’’ বিধায়কের মন্তব্যের সঙ্গে একমত নন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। রবিবার তিনি বলেন, ‘‘অনুষ্ঠানটি একটি অরাজনৈতিক সংগঠনের। তাই অন্য ব্যবসায়ীদের মতোই দিলীপ দাসও আমন্ত্রণ পেয়েছেন। তা ছাড়া, তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক মামলা বা গুরুতর অভিযোগ নেই। বিজেপি কর্মীরা তাঁর দ্বারা আক্রান্ত হয়েছেন, এমনও নজির নেই।’’

তবে সাংসদের এই মন্তব্যের সঙ্গে দলেরই নিচুতলার এক মহিলা নেত্রীর অবস্থানের স্পষ্ট ফারাক দেখা যাচ্ছে। কিছু দিন আগে জাতীয় সড়কের ধারে দিলীপ দাসের ওই পলিক্লিনিকের সামনে দাঁড়িয়ে সেটিকে অবৈধ বলে দাবি করে সামাজিক মাধ্যমে সরব হয়েছিলেন ওই নেত্রী। রাজনৈতিক মহলের একাংশের মতে, দিলীপের উপস্থিতি বিজেপির নিচুতলার কর্মী-সমর্থকদের প্রতিক্রিয়া যাচাই প্রচেষ্টা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

TMC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy