নদিয়ার নাকাশিপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনার বলি অন্তত ৫ জন। শুক্রবার সকালে একটি লরির সঙ্গে গাড়ির সংঘর্ষের কারণে ১ শিশু-সহ ৫ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রায়গঞ্জ থেকে কলকাতার দিকে আসছিল। নাকাশিপাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজার কাছে সামনে থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়িটির। দুর্ঘটনার কারণে পাঁচ আরোহীরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। দেহগুলি ইতিমধ্যেই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। তবে স্থানীয় সূত্রে খবর, ওই জাতীয় সড়কে কাজ চলছিল। কাজ থমকে থাকায় ‘সিঙ্গল লেন’ দিয়েই গাড়ি চলাচল করছিল। আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে একটি যাত্রিবাহী গাড়ি বেথুয়াডহরির দিকে যাচ্ছিল। সেই সময় বহরমপুরগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির এক শিশু-সহ ৫ যাত্রীর।
স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটে । টোল থেকে ছাড়িয়ে রাস্তাটা এক লেনের হয়ে যাওয়ায় অনেক সময়ই নিয়ন্ত্রণ হারায় গাড়িগুলি। এমন একটি দুর্ঘটনাপ্রবণ এলাকায় কেন ট্রাফিক পুলিশের কোনও নজরদারি থাকে না, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। পাশাপাশি রাস্তার কাজ তাড়াতাড়ি শেষ করার দাবিতেও সরব হয়েছেন তাঁরা। ঘটনার কিছু ক্ষণের মধ্যেই উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে তুলে আনা হয়।