রঙ-বেরঙের ব্যানার, পোস্টার, ফেস্টুন, হোর্ডিংয়ে ঢেকেছিল বহরমপুর শহর। ভোট মিটতে বহরমপুরের বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র তাঁর সমর্থনে শহরে লাগানো ব্যানার, পোস্টার, পতাকা, হোর্ডিং খুলে ফেলতে শুরু করেছেন। শনিবার থেকে তিনি দলের কর্মীদের নিয়ে সে সব খুলে নিচ্ছেন। বিজেপি সূত্রের খবর, বহরমপুর শহরের ১৯, ২০, ২৩, ২৬, ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন খুলে নেওয়া হয়েছে। ২৫ নম্বর ওয়ার্ডের একাংশেও খোলা হয়েছে।
সুব্রত বলেন, ‘‘এ বারই প্রথম নয়, আমি ২০০৩ সালে যখন বহরমপুর পুরভোটে লড়াই করে জয়ী হয়েছিলাম তখনও পতাকা, ব্যানার খুলে নিয়েছিলাম। তখন ব্যানার, পতাকার চেয়ে দেওয়াল লেখা বেশি হত। আমি চুন দিয়ে দেওয়াল লিখন মুছে পরিষ্কার করেছিলাম। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও একই ভাবে শহরকে সুন্দর রাখতে ব্যানার, ফেস্টুন খুলেছিলাম। এ বারও করছি।’’ তাঁর কথায়, ‘‘ব্যানার, ফেস্টুন, পতাকা খুলে শহর সুন্দর রাখতে চাই। সে জন্য চেষ্টা করছি।’’ সুব্রত সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘রাজনৈতিক কর্মকাণ্ড শেষ হয়ে গিয়েছে। এই শহর পরিষ্কার রাখবার জন্য আমাদের প্রত্যেকের ভূমিকা থাকা উচিত।’’ তিনি আরও লিখেছেন, ‘‘আজ সকাল থেকেই কর্মীদের সঙ্গে নিয়ে আমার এলাকার দলীয় পতাকা, পোস্টার খুলে নেওয়া শুরু করেছি। কর্মীদের অনুরোধ করব, নিজে নিজে এলাকায় পতাকা, হোর্ডিং খুলে নিন।’’
সমাজমাধ্যমে সুব্রতর এই উদ্যোগের প্রশংসাও করেছেন অনেকে। তাঁরা অন্য দলকেও এ নিয়ে উদ্যওগী হতে বলেন। আবার কেউ কেউ বিজেপিকে কটাক্ষ করে মতপ্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘৪ তারিখের পর রাজ্য থেকে বিজেপি খুলে যাবে। টাটা, বাই বাই।’ বহরমপুরের এক নাগরিক সমাজমাধ্যমে নিজের দেওয়ালে লিখেছেন, ‘দলমত নির্বিশেষে অনুরোধ, আপনাদের ভালবাসার দলের ফ্ল্যাগ, ফেস্টুন খুলে নিন। রাস্তায়, নিকাশি নালায় পড়ে থাকছে সে সব। আপনারা তো তা চান না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)