Advertisement
E-Paper

‘জয় শ্রীরাম’ স্লোগানের বদলে ‘জয় মা কালী’, বিজেপি সর্বভারতীয় সভাপতির প্রতিশ্রুতি ইসলামপুরকে ঈশ্বরপুর করার

সোমবারের প্রচারে এসে নিতিনের দাবি, বাংলার সঙ্গে প্রতারণা হয়েছে। কটাক্ষ, দুর্নীতি ও ঘুষের সরকার চলছে। ভাতা নিয়েও সরব হয়েছিলেন নীতিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০২:২৮
নিতিন নবীন।

নিতিন নবীন। — ফাইল চিত্র।

বাংলার সঙ্গে প্রতারণা হয়েছে দাবি করে বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। কিন্তু সবার আগে তাঁর প্রতিশ্রুতি, জায়গার নাম পরিবর্তন করার। সোমবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে সভা করতে এসে তিনি বলেন, ‘‘ইসলামপুর হবে ঈশ্বরপুর।”শুধু তাই নয় বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখে সোমবার সে ভাবে শোনা গেল না ‘জয় শ্রীরাম’ ধ্বনি। তার বদলে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর গলায় বার বার শোনা গেল ‘জয় মা কালী’।

সোমবারের প্রচারে এসে নিতিনের দাবি, বাংলার সঙ্গে প্রতারণা হয়েছে। কটাক্ষ, দুর্নীতি ও ঘুষের সরকার চলছে। ভাতা নিয়েও সরব হয়েছিলেন নীতিন। রাজ্যের নারী নিরাপত্তা ও কর্মসংস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর দাবি, বাংলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রাপ্য সম্মান দেয়নি তৃণমূল সরকার। বর্তমান রাজ্য সরকারকে নিশানা করার পাশাপাশি বামপন্থীরাও রাজ্য চালাতে অপারগ বলে দাবি করেছেন তিনি। তার পরেই তাঁর প্রতিশ্রুতি বিজেপি ক্ষমতায় এলে ‘সোনার বাংলা’ গড়া হবে। ডাবল ইঞ্জিন সরকার উন্নয়ন করবে। নারী নিরাপত্তা থাকবে। হবে চাকরি। তবে বক্তব্যের শুরুতেই তাঁর প্রথম প্রতিশ্রুতি, ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর করা হবে।

অবশ্য এই প্রথম নয়। এর আগেও ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর করার কথা ঘোষণা করেছে বিজেপি। গত ১৮ জুলাই মহারাষ্ট্র সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল সামলি জেলার ইসলামপুরকে ‘ঈশ্বরপুর’ করা হবে। সেই মহারাষ্ট্রের পরে এ বার বাংলা। ২০১৮ সালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে অবস্থিত বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ের নাম বেসরকারি ভাবে লেখা হয়েছিল ঈশ্বরপুর। ‘সরস্বতী শিশু মন্দির ও বিদ্যামন্দির’-এর সাইনবোর্ডেও দেখা গিয়েছিল এই নাম পরিবর্তন। এ বার ‘পরিবর্তন যাত্রা’য় এসে সেই নাম পরিবর্তনেরই ডাক দিলেন নীতিন।

BJP Uttar Dinajpur North Dinajpur Islampur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy