Advertisement
E-Paper

চালকদের পরীক্ষায় বিচারপতি

উদ্বোধনী অনুষ্ঠানের পুরোটাই প্যান্ডেল করে ঘিরে দিতে বলা হয়েছে। দুটি গ্রিন রুম ও তিনটি বায়ো টয়লেট আনানো হচ্ছে কলকাতা থেকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ০৭:০২
নজর: চলছে চালকদের পরীক্ষা। নিজস্ব চিত্র

নজর: চলছে চালকদের পরীক্ষা। নিজস্ব চিত্র

চালকের আসনে পরীক্ষার্থী ড্রাইভাররা। তাঁদের পরীক্ষা নিচ্ছেন যাঁরা, তাঁরা হাইকোর্টের বিচারপতি। পরীক্ষার্থী চালকের হাতের মুন্সিয়ানা দেখতে দেখতে তাঁরা সার্কিট হাউস থেকে কিংসাহেবের ঘাট অবধি প্রায় চার কিলোমিটার সেই গাড়িতে গেলেন। পরীক্ষার এই ব্যবস্থায় বেশির ভাগের কাছেই নতুন।

হাইকোর্টের তরফে জেলা প্রশাসনকে জানানো হয়, অস্থায়ী আদালত ভবন লাগোয়া রেলের জমিতে উদ্বোধনী অনুষ্ঠান হবে। এ দিন দুপুর থেকে সেখানে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। প্রশাসন সূত্রের খবর, শহর জুড়ে ৫০টি বড় স্ক্রিন লাগিয়ে উদ্বোধনের অনুষ্ঠান সকলকে দেখানোর ব্যবস্থাও করা হবে।

এ দিন সকাল সাড়ে সাতটার মধ্যে হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি দেবাংশু বসাক, বিচারপতি অরিন্দম সিংহ এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় টাউন স্টেশন লাগোয়া জেলা পরিষদ ডাকবাংলোয় আসেন। উদ্বোধনের মঞ্চ কোথায় হবে, তাঁরা দেখিয়ে দেন বলে প্রশাসন সূত্রের খবর। ভিআইপি গাড়ির পার্কিং কোথায় হবে তা-ও দেখেন বিচারপতিরা। ঠিক হয়েছে ডাকবাংলোর পাশের রাস্তায় ভিআইপি গাড়ি থাকবে। ওই রাস্তা দিয়ে উদ্বোধনের দিন কিছুক্ষণ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। টাউন স্টেশনে ঢোকা-বার হওয়ার পথেও সে দিন যান নিয়ন্ত্রণ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।

উদ্বোধনের প্রস্তুতি

• ৪০ ফুট বাই ৩০ ফুটের মঞ্চ
• বিশেষ উদ্বোধনী ফলক
• মঞ্চে কমবেশি ৪০ জন ভিভিআইপি বসার ব্যবস্থা
• শহর জুড়ে ৫০টি স্ক্রিনে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার
• অনুষ্ঠান চত্বরে ৩টি বায়ো টয়লেট
• উদ্বোধনের দিন আদালত ভবনের চারদিকের রাস্তায় সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে

গত শুক্রবার হাইকোর্টের দুই বিচারপতি আর্ট গ্যালারি পরিদর্শন করেছিলেন। প্রশাসন সূত্রের খবর, সার্কিট বেঞ্চের আদালত ভবনের চত্বরেই উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং সেটা প্রথা বলে হাইকোর্টের তরফে এ দিন জানানো হয়েছে।

সার্কিট বেঞ্চ ভবনকে পিছনে রেখে মঞ্চ তৈরি হচ্ছে। শনিবার দিনভর চালক নিয়োগের পরীক্ষা চলছে। আজ রবিবার প্রথম পর্বের বাছাইদের মৌখিক পরীক্ষা হওয়ার কথা। পরীক্ষাপর্ব মিটে গেলে বিচারপতিরা কলকাতায় ফিরে যাবেন বলে প্রশাসন সূত্রের খবর। মঙ্গলবার হাইকোর্টের প্রোটোকল বিভাগদের প্রতিনিধিদল আসবে। উদ্বোধনীর পদ্ধতিগত বিভিন্ন দিক বাতলে দেবেন তাঁরা।

উদ্বোধনী অনুষ্ঠানের পুরোটাই প্যান্ডেল করে ঘিরে দিতে বলা হয়েছে। দুটি গ্রিন রুম ও তিনটি বায়ো টয়লেট আনানো হচ্ছে কলকাতা থেকে। অনুষ্ঠান চত্বরে শৌচাগারগুলি রাখা হবে। এ দিকে আইনজীবীদের প্রস্তুতিও তুঙ্গে। গত শুক্রবার জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন বৈঠক করে সার্কিট বেঞ্চের জন্য নতুন বার অ্যাসোসিয়েশন গঠন করেছে। প্রাথমিক ভাবে জলপাইগুড়ি বারের পদাধিকারিরাই তাতে রয়েছে। জলপাইগুড়ির বাইরের আইনজীবীদেরও সেই বার অ্যাসোসিয়েশনের সদস্য করা হবে বলে জানিয়েছেন সভাপতি তথা আইনজীবী কমলকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। সার্কিট বেঞ্চ দাবি আদায় সমন্বয় কমিটির তরফে উদ্বোধনের আগের সন্ধে থেকে বাড়িতে বাড়িতে আলো দিয়ে সাজানোর আবেদন জানিয়ে লিফলেট বিলিও শুরু হয়েছে।

Calcutta High Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy