E-Paper

শিক্ষক কম, বাধাই উজিসির বরাদ্দে

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী রয়েছে।

নমিতেশ ঘোষ

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩২
বরাদ্দ বন্ধ করল ইউজিসি।

বরাদ্দ বন্ধ করল ইউজিসি। ফাইল চিত্র।

ইউজিসি-র নিয়ম মেনে শিক্ষক পদ তৈরি হয়নি কোনও বিভাগেই। তা নিয়ে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজ্য সরকারকে বিষয়টি জানানো হলেও কোনও লাভ হয়নি। উল্টে নতুন নিয়োগ না-হওয়ায় প্ৰত্যেক বিভাগে কমতে শুরু করছে শিক্ষক। সূত্রের খবর, বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের ‘টুয়েলভ বি’ অনুমোদন আটকে দিয়েছে ইউজিসি। ওই অনুমোদন না পেলে ইউজিসি-র কোনও বরাদ্দ পাবে না বিশ্ববিদ্যালয়। যা পরিকাঠামো থেকে গবেষণা— প্ৰতিটি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী রয়েছে। সেই তুলনায় শিক্ষকের সংখ্যা অনেক কম। বিভাগগুলিতে পাঁচ জন করে শিক্ষক ধরা হলে বিশ্ববিদ্যালয়ে একশো জনের উপরে শিক্ষক থাকার কথা। সেখানে রয়েছেন মাত্র ৬২জন। ইউজিসি'র নিয়ম মানতে হলে শিক্ষকের সংখ্যা আরও বাড়াতে হবে। রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি, সংস্কৃত, জীববিদ্যা-সহ প্ৰত্যেক বিভাগে শিক্ষকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। লাইব্রেরি সায়েন্সে এক জন শিক্ষক রয়েছেন। জীববিদ্যা, ইকোনমিক্স, সংস্কৃতে তিন জন করে শিক্ষক রয়েছেন। তিন বছর আগে লাইব্রেরি সায়েন্স-সহ একাধিক বিভাগে শিক্ষক নেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। কিন্তু উপাচার্য নিয়ে সঙ্কট তৈরি হওয়ায় আর শিক্ষক নিতে পারেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাথাভাঙায় খলিসামারিতে পঞ্চানন বর্মার জন্মভূমিতে দ্বিতীয় ক্যাম্পাস চালু হলেও সেখানে স্থায়ী শিক্ষক নিয়োগ করা যায়নি। অতিথি শিক্ষকের উপর ভরসা করেই চলছে দ্বিতীয় ক্যাম্পাস।

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাধব অধিকারী বলেন, ‘‘ইউজিসি-র নিয়ম অনুযায়ী প্ৰত্যেক বিভাগে শিক্ষক সংখ্যা সাত জন করে থাকতে হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে শুরু থেকেই বিভাগগুলিতে পাঁচ জন করে শিক্ষক নেওয়ার সিদ্ধান্ত হয়। যা 'টুয়েলভ বি' অনুমোদনের প্রাথমিক শর্ত পূরণ বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা বিষয়টি রাজ্য সরকারকে জানিয়েছি। আশা করছি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করা হবে। আমরা ইউজিসির 'টুয়েলভ বি' অনুমোদন পাব।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Panchanan Barma University

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy