E-Paper

অবৈধ নির্মাণ, মালিকদের নোটিস পাঠাচ্ছে পুরসভা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আগামী মাসেই শিলিগুড়িতে আসতে চলেছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

রাহুল মজুমদার

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ০৮:০৩
শিলিগুড়ি পুরসভা।

শিলিগুড়ি পুরসভা।

শহরে অবৈধ নির্মাণ কত তা জানতে শিলিগুড়ি পুরসভাকে চিঠি দিয়েছিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সেই নির্দেশিকা পেয়ে ১৩টি পৃথক তদন্তকারী দলও তৈরি করেছিল পুরসভা। এ বার সমস্ত অবৈধ নির্মাণের মালিকদের নোটিস পাঠানো শুরু করল পুরসভা। ইতিমধ্যে শহরে ৫০টিরও বেশি অবৈধ নির্মাণের খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে। সেগুলির মালিকদের নোটিস ধরানোর কাজ শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণের অবৈধ অংশ ভেঙে ফেলা না হলে, পুরসভা থেকে পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আগামী মাসেই শিলিগুড়িতে আসতে চলেছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে দফতরের প্রধান সচিবেরও আসার কথা রয়েছে। শিলিগুড়ি পুরসভায় এসে বৈঠক করবেন তিনি। তাঁর আগে পুরসভা থেকে তড়িঘড়ি সমস্ত বেআইনি নির্মাণ নিয়ে পদক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা অমিত জৈনের। তিনি বলেন, ‘‘এতদিন পদক্ষেপ করা হয়নি। যেই পুর দফতর থেকে চিঠি দেওয়া হয়েছে, অমনি সব অবৈধ নির্মাণ নজরে চলে এসেছে।’’

গত সপ্তাহেই শিলিগুড়িতে এসে উত্তরকন্যায় বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই প্রশাসনিক বৈঠকেই শিলিগুড়ি পুরসভায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দাবি করেন তিনি। বৈঠকে বসেই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে ফোন করে শিলিগুড়িতে এসে বিষয়টি নিয়ে বৈঠক করার নির্দেশ দেন। সেই নির্দেশিকার এক দিনের মাথাতেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর থেকে শিলিগুড়ি পুরসভার বিল্ডিং বিভাগে চিঠি আসে। কত অবৈধ নির্মাণ রয়েছে, কত নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে, সেই সমস্ত বিষয়ে জানতে চাওয়া হয়। এরপরেই অবৈধ নির্মাণের খোঁজ করতে দল গঠন করে শিলিগুড়ি পুরসভা। কোথাও ছাদে অবৈধ নির্মাণ হয়েছে, কোথাও সমস্ত পার্কিং লট, গ্যারাজ বিক্রি করে দেওয়া হয়েছে। সেখানে দোকান ঘর তৈরি হয়েছে। এখন সেগুলিতে নোটিস দেওয়া শুরু করেছে শিলিগুড়ি পুরসভা। পুরসভার এক আধিকারিক বলেন, ‘‘সরকারি নির্দেশিকা মেনে যাঁরা নির্মাণ করেননি, তাঁদের নোটিস করা হচ্ছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Illegal Construction

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy