দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বার মায়াপুর সফরে শুভেন্দু অধিকারী। মায়াপুর ইস্কন কর্তৃপক্ষের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ রক্ষা করতে আজ নদিয়ার মায়াপুরে যাচ্ছেন তিনি। আজ সকালে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে মায়াপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি। সকাল ১০টা নাগাদ মায়াপুরের হেলিপ্যাডে নামবেন। সকাল ১১টা নাগাদ ইস্কনের গোশালায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে গো-মাতার বিশেষ পুজো, যজ্ঞ এবং গো-মাতাকে খাওয়ানোর কর্মসূচি রয়েছে তাঁর। গোশালার অনুষ্ঠান পর্ব সেরে মায়াপুরের মূল চন্দ্রোদয় মন্দিরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানেও একটি যজ্ঞানুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। তবে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এই সফরে সাধুসন্তদের সঙ্গে একটি বৈঠকেও বসবেন শুভেন্দু।
আজ শেষকৃত্য সম্পন্ন হবে চিত্রপরিচালক অনীক দত্তের। দুপুরেই বিদেশ থেকে ফিরছেন তাঁর মেয়ে। এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের পর বিকেল চারটে নাগাদ নন্দনে শায়িত থাকবে তাঁর দেহ। তার পর কেওড়াতলায় অন্ত্যেষ্টিক্রিয়া হবে পরিচালকের।
কর্নাটকে কুর্সি বদলের সম্ভাবনা ঘিরে জল্পনার মধ্যেই আজ প্রাতঃরাশে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাড়িতে যাবেন উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। বুধবার এ কথা জানিয়ে প্রভাবশালী কংগ্রেস নেতা তথা কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন, ওই বৈঠকেই মুখ্যমন্ত্রী বদল নিয়ে সিদ্ধান্ত হতে পারে। ২০২৩ সালে কর্নাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পর থেকেই মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে এক টানাপড়েনের সৃষ্টি হয়। সে সময় কংগ্রেস নেতৃত্ব মুখ্যমন্ত্রী হিসাবে বর্ষীয়ান নেতা সিদ্দারামাইয়াকে বেছে নেন। শিবকুমারকে উপমুখ্যমন্ত্রী করা হয়। সূত্রের খবর, ঠিক হয় আড়াই বছর পর মুখ্যমন্ত্রী পদে বদল করা হবে। গত অক্টোবরে মুখ্যমন্ত্রিত্বে সিদ্দারামাইয়ার আড়াই বছরের মেয়াদ শেষ হয়েছে। আজ এই খবরে নজর থাকবে।
দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি হবে আগামী দু’তিন দিন। তাতে তাপমাত্রা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। আজ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানে। এ ছাড়া, পশ্চিম বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। দক্ষিণবঙ্গ জুড়েই কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।