E-Paper

একাধিক পুরসভা গঠনের দাবি মেটানোর ইঙ্গিত

বাম জমানা থেকেই মাটিগাড়ার আঠেরোখাই এলাকা পুরসভা করার দাবি ওঠে। শেষের দিকে বামফ্রন্ট সরকার পুরসভা করা কথা জানিয়েও দেয়।

সৌমিত্র কুন্ডু

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৮:৩২
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরাসরি না বললেও একাধিক পুরসভা গঠনের দাবি মেটানোর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম-ফুলবাড়ি, মাটিগাড়ার শিবমন্দির আঠেরোখাই এবং বাগডোগরা এলাকায় পুরসভা গঠনের দাবি দীর্ঘদিনের। বুধবার নির্বাচনী প্রচারের বক্তব্যে এই এলাকাগুলিকে পুরসভা করা নিয়ে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডাবগ্রাম-ফুলবাড়ির জাবরাভিটা হাই স্কুলের মাঠে এবং নকশালবাড়ির নন্দপ্রসাদ গার্লস হাই স্কুলের নির্বাচনী সভা থেকে সে কথা বলেন তিনি।

জাবরাভিটা স্কুলের মাঠে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা আমাদের ইস্তেহারে বলেছি আরও অনেকগুলি পুরসভা তৈরি করব। আপনাদেরও একটা দাবি আছে। আমি এখন বলতে পারব না। তবে যখন পুরসভা তৈরির কাজ হবে, তখন নিশ্চিত ভাবব।’’ নকশালবাড়ির সভায় বলেন, ‘‘আমরা বেশ কিছু পুরসভা এবং নতুন জেলা করব। এখানেও করার বিষয়টি দেখছি।’’

বাম জমানা থেকেই মাটিগাড়ার আঠেরোখাই এলাকা পুরসভা করার দাবি ওঠে। শেষের দিকে বামফ্রন্ট সরকার পুরসভা করা কথা জানিয়েও দেয়। কিন্তু রাজ্যে পালা বদলে তৃণমূল ক্ষমতায় আসে। সেই থেকে পুরসভা গঠন অধরাই রয়ে গিয়েছে। মাটিগাড়া লাগোয়া বাগডোগরা এলাকায় নগরায়ণ চলছে। বাগডোগরা বিমানবন্দর আন্তর্জাতিক মানের হচ্ছে। ডাবগ্রাম-ফুলবাড়িতে মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয় উত্তরকন্যা তৈরি হয়েছে। ওই এলাকায় একাধিক বড় স্কুল, নার্সিংহোমে রয়েছে। বহুতল তৈরি হচ্ছে। পঞ্চায়েতের পক্ষে পরিষেবা দিতে সমস্যাও হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগে শিলিগুড়ির কী চেহারা ছিল। আর এখন কী হয়েছে। আরও কাজ হবে।’’ তবে এমন আশ্বাসে বিশ্বাস নেই বাসিন্দাদের অনেকেরই। তাঁদের কয়েকজন বলেন, ‘‘প্রতিবারই ভোট এলে শুনি পুরসভা হবে।’’

এদিন সভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ডাবগ্রাম-ফুলবাড়িতে বিজেপি কিকোনও কাজ করেনি। যা করার সবটাই রাজ্য সরকার করেছে। বিজেপির বিদায়ী বিধায়ক ও দলের প্রার্থী শিখা চট্টোপাধ্যায় বলেন, ‘‘তৃণমূল মিথ্যে কথা বলে। সদিচ্ছা থাকলে তারা এতদিনে পুরসভা করত। তাঁদের আর করতে হবে না। বিজেপি ক্ষমতায় এসে তা করবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Fulbari Mamata Banerjee

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy