বৈশাখের তীব্র গরমের মধ্যেই হঠাৎ প্রবল বৃষ্টিতে কার্যত নাজেহাল শিলিগুড়িবাসী। কখনও প্রচণ্ড গরম, আবার তার মাঝেই আকস্মিক ভারী বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। গত কয়েকদিন ধরেই শহরে খামখেয়ালি আবহাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ।
বুধবার, সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে শিলিগুড়ির হাকিমপাড়া, আশ্রমপাড়া, হায়দারপাড়া, কলেজপাড়া, নয়া বাজার, কাছারি রোড সহ বিভিন্ন এলাকায় জল জমে যায়। যদিও বৃষ্টি থামার কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু জায়গায় জল নেমে যায়। কিন্তু অফিস ফেরত লোকজনকে বাড়ি ফিরতে চরম সমস্যার সম্মুখীন হতে হয়। রাস্তায় জল জমে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। শুধু পথচলতি মানুষই নন, সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। বিশেষ করে ফুটপাতের হকারদের ব্যবসায় বড়সড় প্রভাব পড়েছে। তাঁদের দাবি, মাঝে মধ্যেই বৃষ্টির কারণে ক্রেতা কমে যাচ্ছে, বিক্রিও তেমন হচ্ছে না।
অন্যদিকে, এই আবহাওয়াকেই ব্যবসার সুযোগ হিসেবে দেখছেন কিছু ব্যবসায়ীরা। মহাবীরস্থান, হংকং মার্কেট, বিধান মার্কেট সহ বিভিন্ন বাজারে বেড়েছে ছাতা ও বর্ষাতি বিক্রি। আচমকা বৃষ্টিতে বাড়ি ফিরতে সমস্যায় পড়ে, বহু মানুষ দোকান থেকে ছাতা ও বর্ষাতি কিনছেন বলে জানিয়েছেন এই ব্যবসায়ীরা। শহরের জলমগ্ন পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়লেও পুরসভার তরফে মেয়র গৌতম দেব আশ্বাস দিয়েছেন। তাঁর দাবি, ‘‘শহরের নর্দমা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। নিচু এলাকায় সাময়িক জল জমলেও দ্রুত তা নেমে যাচ্ছে।’’ তবুও বারবার এমন পরিস্থিতিতে নিকাশি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে শহরবাসীর মধ্যে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)