E-Paper

নিকাশিনালা ভরাটে অভিযুক্ত উদয়ন

অভিযোগ, ২০১৭ সালে পুরপ্রধান থাকাকালীন দিনহাটা হাসপাতাল সংলগ্ন সিপিএম দফতরের পাশেই নালা ভরাট করে অবৈধ ভবন নির্মাণ করেন উদয়ন।

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৮:২০
উদয়ন গুহ।

উদয়ন গুহ। — ফাইল চিত্র।

নিকাশিনালার উপরে নির্মাণ গড়ে তা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল দিনহাটা পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে। দিনহাটা থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন আনোয়ার হোসেন ও দেবব্রত ঘোষ নামে দুই ব্যক্তি। দিনহাটা পুরসভার আবাস প্রকল্পের পাশাপাশি শিশুমঙ্গল সমিতিতে আর্থিক দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিনি। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ফের অবৈধ নালা ভরাট করে ভুয়ো প্ল্যানে ভবন নির্মাণের অভিযোগ দায়ের হওয়ায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

অভিযোগ, ২০১৭ সালে পুরপ্রধান থাকাকালীন দিনহাটা হাসপাতাল সংলগ্ন সিপিএম দফতরের পাশেই নালা ভরাট করে অবৈধ ভবন নির্মাণ করেন উদয়ন। পরবর্তীতে তাঁরই ঘনিষ্ট বেশ কয়েক জনের কাছে সেই ভবন বিক্রি করা হয়েছে। নালা ভরাটের কারণে অল্প বৃষ্টিতেই দিনহাটা শহরের একাধিক এলাকা ও দিনহাটার খেলাধুলার প্রাণকেন্দ্র সংহতি ময়দান-সহ আশপাশ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এতে সমস্যায় পড়েন সাধারণ মানুষ থেকে এলাকার ব্যবসায়ীরা। অভিযোগকারীরা বিষয়টি নিয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরকেও অবগত করেছেন।
অভিযোগকারী আনোয়ার হোসেন ও দেবব্রত ঘোষ বলেন, ‘‘আমরা জানি না ভবন বিক্রির টাকা কোথায় খরচ হয়েছে বা কার পকেটে ঢুকেছে। ঘটনার তদন্ত করে পুলিশ যেন প্রয়োজনীয় পদক্ষেপ করে।’’

দিনহাটার পুরপ্রধান অপর্ণা দে নন্দী বলেন, ‘‘আমি মাত্র বছর খানেক আগে পুরপ্রধান হয়েছি। এর আগে পুরসভায় কী হয়েছে, তা আমার কিছু জানা নেই।’’

দিনহাটা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

drainage system

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy