কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দারকে হুমায়ুন কবীরের জনতা উন্নয়ন পার্টির রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হল। নাম ঘোষণা করা হয়েছে রাজ্য সভাপতিরও।
শনিবার মুর্শিদাবাদের বেলডাঙার মরাদিঘিতে আয়োজিত জনসভায় ইয়াসির কংগ্রেস ছেড়ে যোগ দেন জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-তে। তাঁর দলবদলের ‘ইতিহাস’ এই প্রথম নয় অবশ্য। এর আগে ২০২৩ সালের ২০ অগস্ট তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। শনিবারের দলবদল নিয়ে প্রদেশ কংগ্রেসের একাংশের দাবি, ইয়াসির কংগ্রেসে যোগদান করলেও দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণই করেননি। তাই তাঁর দলত্যাগকে বড় ভাবে দেখতে নারাজ হাতশিবির।
রবিবার ঘোষিত হওয়া জনতা উন্নয়ন পার্টির তালিকা অনুযায়ী রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন পীরজাদা খোবায়েব আমিন। একই সঙ্গে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার সহ-সভাপতি হচ্ছেন জাহিরুদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক আজারুল মল্লিক।