E-Paper

মৃত্যু দু’জনের, ভোট-পরবর্তী হিংসায় উত্তাল শহর ও শহরতলি

ভোটের ফল ঘোষণার পরেই সেই রাতে এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০টা নাগাদ, বেলেঘাটা থানা এলাকার কবি সুকান্ত সরণিতে। মৃতের নাম বিশ্বজিৎ পট্টনায়ক (৪২)। বেলেঘাটা থানার পুলিশ জানিয়েছে, ভোট-পরবর্তী গন্ডগোলের জেরেই এই মৃত্যু কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০৯:১২
তাণ্ডব: ভাঙচুর করা হয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়। মঙ্গলবার, রুবি মোড়ে।

তাণ্ডব: ভাঙচুর করা হয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়। মঙ্গলবার, রুবি মোড়ে। ছবি: স্বাতী চক্রবর্তী।

আশঙ্কা ছিলই। এবং তা যে সত্যি হতে চলেছে, তা টের পাওয়া গিয়েছিল গত সোমবার ভোটের ফলাফলে পরিবর্তনের ইঙ্গিত পাওয়ার পর থেকেই। সে দিন বিকেল থেকেই ভোট-পরবর্তী হিংসায় কার্যত উত্তাল হয়ে ওঠে শহর ও শহরতলির বিভিন্ন এলাকা। মঙ্গলবার দুপুরে নিউ টাউনের বালিগড়িতে খুন হয়েছেন বিজেপি কর্মী মধু মণ্ডল (৪৫)। বিজেপির অভিযোগ, এ দিন দুপুরে তাদের কয়েক জন দলীয় কর্মী খাওয়াদাওয়া করছিলেন। অভিযোগ, সেই সময়ে তৃণমূলের লোকজন হামলা চালায়। খবর পেয়ে মধু ঘটনাস্থলে গেলে তাঁর উপরেও হামলা হয়। পরে জখম মধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালালে মহিলাদের গায়ে আঘাত লাগে বলে অভিযোগ। এক তৃণমূল নেতাকে পুলিশ আটক করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে যান রাজারহাট-নিউ টাউন কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। তাঁর অভিযোগ, তৃণমূল এলাকায় সন্ত্রাস চালাতে চাইছে। আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পদক্ষেপও ঠিক হয়নি। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

এর পাশাপাশি, ভোটের ফল ঘোষণার পরেই সেই রাতে এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০টা নাগাদ, বেলেঘাটা থানা এলাকার কবি সুকান্ত সরণিতে। মৃতের নাম বিশ্বজিৎ পট্টনায়ক (৪২)। বেলেঘাটা থানার পুলিশ জানিয়েছে, ভোট-পরবর্তী গন্ডগোলের জেরেই এই মৃত্যু কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে, মৃতের পরিবার কোনও রাজনৈতিক দলের নাম অভিযোগে লেখেনি। তাতে এলাকার কয়েক জন যুবকের নাম লেখা হয়েছে। তাঁদের কোনও রাজনৈতিক পরিচয় আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্বজিৎ একটি বহুতলের তেতলায় থাকতেন। ভোটের ফল ঘোষণার দিন বাড়িতেই ছিলেন। রাত ১০টা নাগাদ একটি ফোন আসার পরে বাইরে যান। এর খানিক পরেই তাঁকে বহুতলের বাইরে রক্তাক্ত ও মৃত অবস্থায় পাওয়া যায়। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই বহুতলের সামনের গেট ভাঙা। স্থানীয়েরা জানান, কয়েক জন যুবকের সঙ্গে গন্ডগোলের জেরেই সম্ভবত বিশ্বজিৎ বহুতলে ঢুকে গেট বন্ধ করে দিয়েছিলেন। তার পরে ওই যুবকেরা গেট ভেঙে বহুতলে ঢুকে পড়ে। পুলিশ জানিয়েছে, বিশ্বজিৎ সম্ভবত ওই যুবকদের তাড়া খেয়ে ছাদে উঠে যান। ওই যুবকেরাও পিছন পিছন ছাদে ওঠে। এর পরে বিশ্বজিৎ ছাদ থেকে পড়ে যান। তাঁকে ঠেলে ফেলা হয়েছে, না তিনি পড়ে গিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়েরা মুখে মাস্ক পরা এক দল যুবককে ওই বহুতল থেকে বেরিয়ে যেতে দেখেছেন। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ পরিষ্কার হবে। ময়না তদন্তের ভিডিয়োগ্রাফি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ধর্মতলার হগ মার্কেটের কাছে তৃণমূলের একটি দলীয় কার্যালয় বুলডোজ়ার এনে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় সাময়িক ভাবে উত্তেজনা ছড়ায়। সোমবার বিকেলে গণনা কেন্দ্র থেকে বাড়ি ফেরার সময়ে এক দল দুষ্কৃতী তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ বেহালা পশ্চিম কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, ‘‘চালকের তৎপরতায় বেঁচে ফিরেছি। গণনা কেন্দ্র থেকে ফেরার সময়ে নাগাড়ে গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছিল। চালক সোজা তারাতলা থানায় গাড়ি ঢুকিয়ে দেওয়ায় বেঁচে গিয়েছি।’’ ওই দিনই রাতে প্রাক্তন পুরপ্রতিনিধি পবিত্র বিশ্বাসকে বেলেঘাটা মেন রোডে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপ্রতিনিধি অসীম বসুর বাড়ির সামনে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। দলের ব্যানার, ফেস্টুন-সহ বিভিন্ন সামগ্রী রাস্তায় জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হয়। অসীমকে ফোন করলেও তা বেজে গিয়েছে।

সোমবার গভীর রাতে ভবানীপুর কেন্দ্রের ৭১ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি পাপিয়া সিংহের আবাসনে ঢুকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। জ্বালিয়ে দেওয়া হয় স্কুটার। ধীরেন্দ্রনাথ ঘোষ রোডের ওই আবাসনে পাপিয়া ও তাঁর স্বামী বাবলু সিংহ থাকেন। বাবলুর অভিযোগ, ‘‘রাত দেড়টা নাগাদ শুনি, দরজার বাইরে একাধিক যুবক চিৎকার করছে। আমরা ভিতর থেকে দরজাটা চেপে ধরেছিলাম। মিনিট পাঁচেক পরে ওরা চলে যায়। আমার স্কুটারে আগুন ধরিয়ে দেয়।’’ ভবানীপুর থানায় অভিযোগ করেছেন ওই দম্পতি।

সোমবার রাতে ই এম বাইপাসের রুবি মোড়ে তৃণমূলের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। স্থানীয় পুরপ্রতিনিধি সুশান্ত ঘোষের দাবি, ‘‘পরিষেবার কাজের জন্যই ওখানে অফিস খুলেছিলাম। এ ভাবে ভাঙচুর করাটা অন্যায়।’’ বিজেপির যদিও দাবি, যারা ভাঙচুর করেছে, তারা বিজেপির কেউ নয়।

অন্য দিকে, বি টি রোড সংলগ্ন বরাহনগর, কামারহাটি, পানিহাটি, খড়দহের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে তৃণমূলের দলীয় কার্যালয় দখল। বিভিন্ন জায়গায় দলীয় নেতা, কর্মীদের বাড়িতে গিয়ে ভাঙচুর করারও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, ফল ঘোষণার পরে রাত থেকেই বাইক বাহিনী তাণ্ডব চালাচ্ছে। মঙ্গলবার বরাহনগর, কামারহাটি, পানিহাটি ও খড়দহ পুরসভায় গিয়ে দেখা গেল, কোনও পদাধিকারী আসেননি। আবার পানিহাটি পুরসভা পুরোটাই মুড়ে দেওয়া হয়েছে বিজেপির পতাকায়। পুরসভার মূল গেটের পাশে বক্সে বাজানো হচ্ছে গান, রাখা হয়েছে প্রধানমন্ত্রী এবং আর জি করের নির্যাতিতার মায়ের ছবি দেওয়া কাট-আউট। পানিহাটির বঙ্কিমপল্লি, কাঠগোলা, সি ব্লক, এইচবি টাউন, ঘোলা কদমতলা, রাজাবাগান-সহ বিভিন্ন পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে দখল করা হয়েছে। কোথাও রাতারাতি ওই কার্যালয়ের রং বদলে ফেলা হয়েছে। অন্য দিকে, বরাহনগর পুরসভার চেয়ারম্যান পারিষদ অঞ্জন পালের দুর্গাপুজো কমিটির অফিসে সোমবার রাতে ভাঙচুর করা হয়। অঞ্জন বলেন, ‘‘পাখা, চেয়ার-টেবিলের সঙ্গে দুর্গার মুখও ভেঙেছে দুর্বৃত্তেরা।’’

এ ছাড়াও ফরোয়ার্ড কলোনি, ৩৪সি বাসস্ট্যান্ড অফিস, নোয়াপাড়া মেট্রো স্টেশন লাগোয়া তৃণমূলের কার্যালয় দখল করে নতুন রং করা হয়েছে, কোথাও তালা ঝোলানো হয়েছে। খড়দহের কল্যাণনগর বটতলায় উপ-পুরপ্রধানের কার্যালয় ভাঙচুর করার পাশাপাশি তাঁর ফ্ল্যাটে গিয়েও হেনস্থা করা হয় বলে অভিযোগ। বি টি রোডের ধারে সূর্য সেন নগরের অফিস, রাসখোলা ঘাটের একটি অফিসে ভাঙচুর চালানো হয়। আবার, খড়দহ ব্লকের সভাপতি প্রসেনজিৎ সাহার বাড়িতে এ দিন দুপুরে বাইক বাহিনী গিয়ে ভাঙচুরের পাশাপাশি বাড়ির বিদ্যুৎ এবং জলের লাইন কেটে দেয় বলেও অভিযোগ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bengal post-poll Violence

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy