বীরভূমে আবার পাথর খাদানে ধস! দুর্ঘটনায় দু’জন শ্রমিক মারা গিয়েছেন। গুরুতর জখম বেশ কয়েক জন। সোমবার ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার গোপালপুরে।
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত খাদানটির মালিক বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম। সোমবার কাজ চলার সময় আচমকা ধস নামে ওই খাদানে। ওই সময় ১২-১৪ জন শ্রমিক কাজ করছিলেন। প্রায় সকলেই পাথরের তলায় চাপা পড়েন। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয় বেশ কয়েক জনকে। ঘটনাস্থলে যায় পুলিশ। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে একই রকমের দুর্ঘটনা হয়েছিল বীরভূমের নলহাটির একটি খাদানে। সে বার পাঁচ জন শ্রমিকের মৃত্যু হয়।
আরও পড়ুন:
সোমবারের দুর্ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি দাবি তুলেছে, খাদানের মালিক তথা তৃণমূল নেতাকে গ্রেফতার করতে হবে। বিজেপির বীরভূম সংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি ধ্রুব সাহার দাবি, ‘‘ওই খাদান অবৈধ। নির্বাচনী আদর্শ বিধি কার্যকর হয়ে গিয়েছে। পুলিশের কাছে আমাদের দাবি, অবিলম্বে গ্রেফতার করা হোক।’’ অন্য দিকে, তৃণমূল জানিয়েছে, তারা এ বিষয়ে খোঁজখবর করছে। তাদের এক নেতা জানান, কে মালিক, তার চেয়ে এখন বেশি দেখা প্রয়োজন দুর্ঘটনাগ্রস্তদের পরিস্থিতি কী।