পুরনো নোট বদলে বেশি টাকার নতুন নোট দেওয়া হবে, এই টোপ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতানোর চক্রে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মন্টু শাহ ও হাজিমুদ্দিন শাহ। তাদের বাড়ি পুরুলিয়ার জয়পুর থানার মুকুন্দপুরে। রবিবার ওই দু’জনকে গ্রাম থেকেই গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এই চক্রের সন্ধানে এলাকায় জাল পাতে পুলিশ। কিছুদিন আগে পুরুলিয়া মফস্সল থানা এলাকায় এ ধরনের প্রতারণা চক্র কাজ করছে বলে পুলিশ খবর পেয়েছিল। পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, ‘‘এরা পুরনো টাকা বদলে দেওয়ার নাম করে নকল নোট মানুষকে গছিয়ে দিয়ে কেটে পড়ত। পুরনো টাকা দিলে নতুন টাকা বেশি পরিমাণে দেওয়া হবে, কোথাও টাকা দ্বিগুণ দেওয়ারও টোপ দেওয়া হত।’’ কেউ সেই টোপ গিলে রাজি হলে নতুন টাকার বান্ডিলের ভিতরে নকল নোট বা রঙিন কাগজ ঢুকিয়ে দেয় প্রতারকেরা। টাকার বান্ডিল এমন আঁটোসাঁটো করে বাঁধা থাকে যে পুরো বান্ডিল খুলে টাকা গুণে দেখতে সময় লাগে। ততক্ষণে প্রতারকেরা পগার পার। ধৃতদের কাছ থেকে এ ধরনের নোটের বান্ডিলও মিলেছে।