পদপ্রার্থী হয়ে আবেদন করেও ইন্টারভিউয়ে ডাক মেলেনি। বিশ্বভারতীর কয়েকটি বিষয়ের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এমন অভিযোগ উঠেছে। এর পরেই ধাপে ধাপে বিষয় ধরে বিভিন্ন পদে আবেদনকারীদের নাম ও ইন্টারভিউয়ে ডাক না পেলে কেন পাননি তা উল্লেখ করে তালিকা প্রকাশ করতে শুরু করল বিশ্বভারতী। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। যদিও বাংলা নিয়ে এখনও কোনও তালিকা প্রকাশিত হয়নি।
বিশ্বভারতীর বাংলা বিভাগে সহযোগী ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ নিয়ে বিতর্ক চলছে। প্রক্রিয়া স্বচ্ছ নয় বলে কয়েকজন চাকরিপ্রার্থী বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পরিদর্শক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ বিভিন্ন জায়গায় অভিযোগ জানান। তাঁদের অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের ইন্টারভিউয়ে ডাকা হয়নি। এ নিয়ে জাতীয় তফসিলি কমিশনে একটি মামলাও দায়ের হয়েছে। এর পরেই বিশ্বভারতী নানা বিষয়ে নিয়োগ নিয়ে তালিকা প্রকাশ করতে শুরু করেছে।
বিশ্বভারতীর ওয়েবসাইটে এ তালিকা মিলছে। ভাষা ভবন, শিক্ষা ভবন, বিদ্যা ভবন-সহ একাধিক ভবনে বিভিন্ন বিষয়ের সহযোগী, সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে এ তালিকা প্রকাশিত হয়েছে। নানা পদে যাঁরা ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন এবং যাঁরা পাননি— দু’ধরনের নামই তালিকায় রয়েছে। কেন ইন্টারভিউয়ে ডাক পাননি তাও ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। কারণ হিসেবে, ফর্ম পূরণে ভুল, নির্ধারিত স্কোরের নীচে থাকা, সংরক্ষিত আসনের জটিলতা, প্রয়োজনীয় অভিজ্ঞতার অভাবের মতো নানা কারণ দেখানো হয়েছে।
তবে বাংলা নিয়ে কোনও তালিকা এখনও প্রকাশিত হয়নি। বিশ্বভারতী কর্তৃপক্ষ জানান, বিষয়টি বিচারাধীন হওয়ায় এ নিয়ে তালিকা প্রকাশিত হয়নি। তবে কয়েকটি বিষয়ে ইন্টারভিউতে যাঁদের ডাকা হয়েছে সে তালিকায় কবে ইন্টারভিউ হবে তা উল্লেখ করা হয়নি। এতে পদপ্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পদপ্রার্থী বলেন, “অনেক দিন আগে আবেদন করেছি। এখনও ইন্টারভিউয়ের জন্য ডাক পাইনি। আমরা চাই নিয়োগের প্রতিটি স্তরে স্বচ্ছতা বজায় থাকুক। শুধুমাত্র তালিকা প্রকাশ করলেই হবে না।” বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, ‘‘নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ হবে। ইতিমধ্যেই অনেকগুলি পদে নিয়োগের কাজ শেষ হয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)