পশ্চিমবঙ্গের জন্য আর্থিক রোডম্যাপ ঠিক করা, কেন্দ্রীয় বিনিয়োগের অংশীদারি বাড়ানো, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে জোর এবং শিল্পায়নের সম্ভাবনা খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করতে আজ রাতে দিল্লি এলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাৎপর্যপূর্ণ হল, আগামিকাল রাতে দিল্লি আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সব কিছু ঠিক থাকলে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হওয়ার কথা তাঁর। ওই বৈঠকে বাংলার জন্য আর্থিক উন্নয়ন ও মন্ত্রিসভার বিস্তারের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা। নির্মলার সঙ্গে বৈঠকে একসঙ্গেও থাকতে পারেন শমীক এবং শুভেন্দু।
পালাবদলের পরেই অর্থনীতি ও শিল্পায়নে রাজ্যের পুনরুজ্জীবনের পথে হাঁটার লক্ষ্য নিয়েছে নতুন বিজেপি সরকার। সূত্রের মতে— পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বিনিয়োগ যাতে বাড়ে, শিল্পায়ন যাতে হয়, তা নিয়ে আলোচনার লক্ষ্যে দিল্লি এসেছেন শমীক। তিনি জানিয়েছেন, চলতি সফরেই নির্মলার সঙ্গে বৈঠক হবে তাঁর। তবে আজ রাত পর্যন্ত বৈঠকের সময় পাওয়া যায়নি। সূত্রের মতে, নির্মলার সঙ্গে শুভেন্দু ও শমীকের একসঙ্গে বৈঠক হতে পারে। সেখানে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি নিয়েও সবিস্তার আলোচনা হওয়ার কথা। এ ছাড়া পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বিনিয়োগের পরিমাণ কী ভাবে বাড়ানো সম্ভব, রাজ্যে যারা জিএসটি ফাঁকি দিয়েছেন তাঁদের চিহ্নিত করা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রে এখন জরাজীর্ণ দশা। তবে বিজেপির দাবি, তথ্যপ্রযুক্তি থেকে ভারী শিল্প সংস্থা অনেকেই পালাবদলের পরে রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। ডাবল ইঞ্জিন সরকারের সুবাদে কী ভাবে রাজ্যে শিল্পের প্রসার ঘটনো যায়, এ ক্ষেত্রে কেন্দ্রের কাছ থেকে রাজ্য কী কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারে, সর্বোপরি রাজ্যের জন্য একটি আর্থিক রোডম্যাপ বানাতে নির্মলার সঙ্গে আলোচনা করার কথা রয়েছে শমীকের।
এ দিকে দিল্লি আসার আগে আজ প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শমীক। শমীক জানান, হলদিয়া পেট্রো-কেমিক্যালে বিনিয়োগ ছাড়াও শিক্ষাক্ষেত্রে নানাবিধ বিনিয়োগ নিয়ে উভয় পক্ষের নিয়ে আলোচনা হয়েছে। আজকের বৈঠকে পেট্রো-রসায়ন ক্ষেত্রে পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের গোষ্ঠী আর কী কী পথে লগ্নি করতে পারে সেই আলোচনা যেমন ছিল, তেমনই এ ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি লগ্নি আনার ব্যাপারে পূর্ণেন্দুর ভূমিকা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। সূত্রের মতে, হলদিয়া পেট্রো-রসায়ন ক্ষেত্রে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে পূর্ণেন্দুর। বিশেষত ইন্টিগ্রেটেড ফেনল ও অ্যাসিটন প্রকল্পে লগ্নি করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরির ব্যাপারে পূর্ববর্তী সরকারের আমলে যে জট তৈরি হয়েছিল, তা যাতে সহজে সমাধান করা যায় সেটাও শমীকের সঙ্গে আলোচনায় সামনে এসেছে বলে সূত্রের দাবি। বিজেপি সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে শুভেন্দুর সঙ্গেও বৈঠকে বসতে চলেছেন পূর্ণেন্দু।
এ দিকে আগামিকাল দিল্লি সফরে আসতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বৃহস্পতিবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক সেরে তিনি দিল্লি যেতে পারেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক হতে পারে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও। সূত্রের মতে, রাজ্যের অর্থনীতি কী ভাবে চাঙ্গা করা সম্ভব এবং তাতে কেন্দ্রীয় সাহায্য কী ভাবে পাওয়া যেতে পারে তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে শুভেন্দুর। পাশাপাশি রাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ এখনও বাকি রয়েছে। সূত্রের মতে, প্রধানমন্ত্রীর সঙ্গে তা নিয়েও এক দফা কথা হবে তাঁর। বিজেপি সূত্রের মতে, জেতার পরে এটিই প্রথম দিল্লি সফর শুভেন্দুর। তাই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর দেখা করার পরিকল্পনা রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)