১৪ দিন হেফাজতে রেখে কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ। আলিপুর আদালতে জামিন চেয়ে এমনটাই দাবি করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। টালিগঞ্জের ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি স্বরূপের বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগ রয়েছে। যে কোনও শর্তে জামিনের আবেদন জানিয়েছেন তিনি। তাঁর জামিনের বিরোধিতা করে পাল্টা সওয়াল করেছেন সরকার পক্ষের আইনজীবীও। দাবি, রন্ধ্রে রন্ধ্রে তোলাবাজির প্রমাণ পাওয়া গিয়েছে। তাই স্বরূপকে জামিন দেওয়া উচিত হবে না।
রিজেন্ট পার্ক এলাকার এক মহিলার অভিযোগের ভিত্তিতে স্বরূপকে নিউ আলিপুর থানার পুলিশ গ্রেফতার করেছিল গত ৪ জুন। আদালতের নির্দেশে তিনি ১৪ দিন পুলিশি হেফাজতে ছিলেন। বৃহস্পতিবার তাঁর আইনজীবী জানান, এই ১৪ দিনে পুলিশ কিছু করতে পারেনি। তোলাবাজির টাকা ফেরত নেওয়া হবে বলা হয়েছিল। তা-ও উদ্ধার করা যায়নি। এ ছাড়া, স্বরূপের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হলেও কোনও অস্ত্র উদ্ধার করা যায়নি। ফেডারেশনের ডোনেশন হিসাবে যে টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে, তার পক্ষেও যুক্তি দিয়েছেন স্বরূপের আইনজীবী। দাবি, ডোনেশন হিসাবে ১ কোটি ৪৫ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। তার রসিদ রয়েছে। যে কোনও শর্তে স্বরূপকে জামিন দেওয়া হোক, আবেদন জানান তাঁর আইনজীবী।
আরও পড়ুন:
স্বরূপের জামিনের আবেদনের বিরোধিতা করে রাজ্যের তরফে আদালতে জানানো হয়, ভয় দেখিয়ে টাকা তুলতেন স্বরূপ। রন্ধ্রে রন্ধ্রে তার প্রমাণ পাওয়া গিয়েছে। তা ছাড়া, পুলিশি হেফাজতে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও মিলেছে। সরকার পক্ষের আইনজীবীর দাবি, ফেডারেশনে যুক্ত করার নাম করে অনেকের কাছ থেকে টাকা চেয়েছেন স্বরূপ। ৬৬টি রসিদ পাওয়া গিয়েছে। অভিযোগ, টালিগঞ্জের কর্মচারীদের কাছ থেকে তাঁদের আয়ের পাঁচ শতাংশ দাবি করতেন স্বরূপ। কোভিড অতিমারির সময় তুলেছিলেন ১ কোটি ২৫ লক্ষ টাকা। ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দাবি করেছেন, ৭৫ লক্ষ টাকার কোনও হিসাব তিনি পাননি।
স্বরূপের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছিলেন, তাঁর আইনজীবীও জামিনের আবেদনের বিরোধিতা করেন। আদালতে সেই অভিযোগকারিণীর দাবি, ক্যামেরা লাগানো চশমা পরে থাকতেন স্বরূপ। মন্ত্রীর ভাই হিসাবে প্রভাব খাটাতেন। মেয়েদের উপর অত্যাচারও করা হত বলে দাবি করেছেন তিনি। অভিযোগ, নানা ধরনের প্রলোভন দেখানো হত। যে কারণে অভিনেতা-অভিনেত্রীরাও ভয়ে থাকতেন। রাজ্যের তরফে স্বরূপের ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে।