Advertisement
E-Paper

মাসের ২৬ দিনই কাজ পাবেন, আন্দোলনকারী অস্থায়ী পরিবহণ কর্মীদের আশ্বাস দিলেন মন্ত্রী স্নেহাশিস

পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর ২০১৩ সাল থেকে যাঁরা বাস চালাচ্ছেন, তাঁদের স্থায়ীকরণ, মাসে ২৬ দিন কাজ, ছুটি-সহ অন্যান্য একাধিক সুবিধার দাবিতে আন্দোলনে নামেন এসবিএসটিসির অস্থায়ী কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩৩
সমস্যার সমাধানে আশ্বাস দিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

সমস্যার সমাধানে আশ্বাস দিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ফাইল চিত্র।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) অস্থায়ী পরিবহণ কর্মীদের ২৬ দিন কাজের আশ্বাস দিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সোমবার সংবাদমাধ্যমের মাধ্যমে আন্দোলনকারীদের দাবি পূরণের আশ্বাস দিলেন তিনি। স্নেহাশিস বলেন, “আমি আশ্বাস দিচ্ছি, মাসে ২৬ দিন কাজ থাকবে। বাকি যা দাবি, আমার পক্ষে যতটা সম্ভব, আমি মেনে নেব।” পুজোর পর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার আশ্বাসও দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তের এসবিএসটিসি-র ডিপোগুলিতে মাসে ২৬ দিন কাজ-সহ একগুচ্ছ দাবিতে আন্দোলন শুরু করে সরকারি বাস পরিষেবা বন্ধ করে দিয়েছিলেন অস্থায়ী কর্মীরা। তাতে প্রভাব পড়েছিল জনজীবনে। তারই মধ্যেই শারদোৎসব এসে যাওয়ায় চাপ বাড়ছিল রাজ্য সরকারের উপর। কিন্তু সোমবার পরিবহণমন্ত্রী আশ্বাস দেওয়ায় সেই সমস্যার আপাতত সমাধান করা যাবে।

প্রসঙ্গত, পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর ২০১৩ সাল থেকে যাঁরা বাস চালাচ্ছেন, তাঁদের স্থায়ীকরণ, মাসে ২৬ দিন কাজ, ছুটি-সহ অন্যান্য একাধিক সুবিধার দাবিতে আন্দোলনে নামেন এসবিএসটিসির অস্থায়ী কর্মীরা। বর্ধমান, দুর্গাপুর, হলদিয়া, মেদিনীপুর, দিঘা, সিউড়ি, রামপুরহাট-সহ বিভিন্ন জায়গায় অনির্দিষ্ট কালের জন্য শুরু হয় বাস ধর্মঘট। আচমকাই এমন পরিবহণ ধর্মঘটের জেরে জেলাস্তরের বাস পরিষেবা বন্ধ হয়ে গেলে ক্ষোভপ্রকাশ করেছিলেন স্বয়ং পরিবহণমন্ত্রী। কিন্তু অস্থায়ী বাসকর্মীরা নিজেদের অবস্থানে অনড় থেকে জানিয়েছিলেন, দাবি পূরণ না হলে আন্দোলন চলবে। গত সপ্তাহ থেকেই পরিবহণ দফতর দফায় দফায় বৈঠক করে সমস্যার সমাধান করার চেষ্টা করেন। মনে করা হচ্ছে, সরকার পক্ষ আলোচনার পরেই মন্ত্রী এ বিষয়ে নিশ্চিত আশ্বাস দিয়েছেন। তাই মনে করা হচ্ছে, পুজোর সময় বাস ধর্মঘটের জেরে আর নাকাল হতে হবে না বঙ্গবাসীকে।

West Bengal Transport Department State Transport department Transport Depertment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy