E-Paper

‘অন্নপূর্ণা’র আবেদনে প্রশ্ন তৃণমূলের, পাল্টা মন্ত্রীর

রাজ্য জুড়ে ‘অন্নপূর্ণা যোজনা’র আবেদনপত্র বৃহস্পতিবার থেকে দেওয়া শুরু হয়েছে। মন্ত্রী নিজেই সে কথা জানিয়ে বলেছেন, আবেদনপত্র মিলছে বরো, পুরসভা, ব্লক, পঞ্চায়েত, বিডিও, মহকুমাশাসক, জেলাশাসকের দফতর থেকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০৯:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিজেপি সরকার ‘অন্নপূর্ণা যোজনা’র জন্য যে আবেদনপত্র প্রকাশ করেছে, তার ‘জটিলতা’ নিয়ে সরব হল বিরোধী দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল অবশ্য কেন তথ্য জানা জরুরি, তা উল্লেখ করে পাল্টা নিশানা করেছেন তৃণমূলকে।

রাজ্য জুড়ে ‘অন্নপূর্ণা যোজনা’র আবেদনপত্র বৃহস্পতিবার থেকে দেওয়া শুরু হয়েছে। মন্ত্রী নিজেই সে কথা জানিয়ে বলেছেন, আবেদনপত্র মিলছে বরো, পুরসভা, ব্লক, পঞ্চায়েত, বিডিও, মহকুমাশাসক, জেলাশাসকের দফতর থেকে। পাশাপাশি, বাড়ি বাড়ি গিয়েও আবেদনপত্র দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত নানা তথ্য চাওয়া নিয়ে বিভিন্ন শিবির থেকে যখন প্রশ্ন তোলা হচ্ছে, সেই প্রেক্ষিতে মন্ত্রীর বক্তব্য, “এটা আমার-আপনার টাকা। অবশ্যই আমাদের কাছে পুরো তথ্য থাকা দরকার। কারা সরকারের টিকা সন্তানদের দিচ্ছেন না, কারা সন্তানদের খারিজি মাদ্রাসায় পড়াচ্ছেন, কারা আয়কর দিচ্ছেন, এগুলো জানা দরকার।”

এই আবহেই তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, “ভোটের আগে এক পাতার আবেদনপত্র দেখিয়ে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এখন ১২ পাতার ফর্ম পূরণ করতে বলা হচ্ছে। সেই আবেদনের সঙ্গে পরিবারের যে সব তথ্য চাওয়া হয়েছে, তা কতটা জরুরি বা ঠিক কোন মাস থেকে এই টাকা দেওয়া হবে, তা পরিষ্কার নয়।” কুণালের আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের সুবিধা পেতে মানুষকে এত অস্পষ্টতার মধ্যে পড়তে হয়নি। মন্ত্রী অগ্নিমিত্রা পাল্টা বলেছেন, “তৃণমূল কি চায় যে, নতুন সরকারও রোহিঙ্গা ও বাংলাদেশিদের ‘অন্নপূর্ণা যোজনা’ দিক? যাঁরা আমাদের দেশের নাগরিক নন, তাঁদের কোনও সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে না।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BJP TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy