দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। শুনানির তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলাও। এ ছাড়া তৃণমূলের অন্য মামলাগুলিরও শুনানি হওয়ার কথা। বেলা ১১টা নাগাদ প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানি রয়েছে। আদালতে কী হয় সে দিকে নজর থাকবে।
লোকসভায় চিনের প্রসঙ্গ তুলে বক্তৃতায় ফের ‘বাধা’ পেয়েছেন রাহুল গান্ধী। রাহুলের বক্তৃতা থামানোর প্রতিবাদে বিক্ষোভ দেখানো ঘিরে শোরগোলের জেরে সাসপেন্ড করা হয় আট জন কংগ্রেস সাংসদকে। এই বিষয়ে আজ সংসদে বিক্ষোভ দেখাতে পারে কংগ্রেস। নজর থাকবে তৃণমূল সাংসদদের দিকেও।
ভারতের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করে দিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিতে রাজি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবর্তে আমেরিকা থেকে আরও বেশি করে তেল কিনবে ভারত, এমনটাও দাবি ট্রাম্পের। শুল্ক কমানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন মোদীও। তবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ হচ্ছে কি না, তা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। তবে রাশিয়ার দাবি, মস্কো থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে ভারতের কাছ থেকে কোনও বার্তা যায়নি তাদের কাছে। ট্রাম্পের শুল্ক হ্রাসের ঘোষণার পরে পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে আজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে তিন দিন বাকি। তার আগে আজ প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সূর্যকুমার যাদবদের গা-ঘামানোর ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই ম্যাচে খেলার কথা তিলক বর্মার। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। আজ আরও তিনটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। নামিবিয়া খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচ দুপুর ১টা থেকে। বিকেল ৩টে থেকে রয়েছে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ। বিকেল ৫টায় নামবে পাকিস্তান। তাদের সামনে আয়ারল্যান্ড। এই খেলা বিকেল ৫টা থেকে।
রাজ্যে আপাতত আগামী সাত দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। গোটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত থাকবে কুয়াশার দাপট। দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমানে বুধবার থাকবে কুয়াশা।
পাকিস্তান সরকার জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ তারা বয়কট করবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা এই ব্যাপারে লিখিত ভাবে আইসিসিকে কিছু জানাবে না। ফলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আইসিসি আগ বাড়িয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারছে না। মনে করা হচ্ছে, পাকিস্তান দল কিছু না জানিয়েই ১৫ ফেব্রুয়ারির ম্যাচে মাঠে যাবে না। আজ বৈঠক হতে পারে আইসিসির। থাকছে এই নাটক এবং বিতর্কের সব খবর।
ছোটদের বিশ্বকাপে আজ সেমিফাইনাল খেলতে নামছে ভারত। বিপক্ষে আফগানিস্তান। বৈভব সূর্যবংশী-আয়ুশ মাত্রেরা এখনও পর্যন্ত অপরাজিত। তবে বড় ম্যাচে রান পাচ্ছে না বৈভব। অধিনায়ক মাত্রেও ফর্মে নেই। বরং ভারতকে ভরসা দিচ্ছেন বাঙালি অভিজ্ঞান কুন্ডু। আফগানিস্তান একটি ম্যাচ হেরেছে শ্রীলঙ্কার কাছে। দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়েছে তারা। ভারত কি ফাইনালে উঠতে পারবে? খেলা দুপুর ১টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।