Advertisement
E-Paper

শনিবার শপথ, বিজেপি সরকারে নতুন মুখ্যমন্ত্রী কে। ভোট পরবর্তী পরিস্থিতি। লখনউ বনাম বেঙ্গালুরু। আর কী নজরে

পঁচিশে বৈশাখ ব্রিগেডে হবে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান, রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে বিভিন্ন জেলায় অশান্তি, আইপিএলে আজ লখনউ বনাম বেঙ্গালুরু ম্যাচ

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৮:০১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান। বিজেপি সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন। তবে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা তৈরি হলেও সরকারি ভাবে নাম বলতে নারাজ বিজেপি নেতৃত্ব। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে বিভিন্ন জেলায় অশান্তির অভিযোগ উঠে আসছে। অশান্তি রুখতে বুধবার কড়া বার্তা দিয়েছে লালবাজার এবং ভবানী ভবন। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্ত বুধবার জানান, ভোট-পরবর্তী সময়ে মোট ২০০টি এফআইআর হয়েছে। তার ভিত্তিতে ৪৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আইপিএলে আজ লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। ঋষভ পন্থের দলের বিদায় একরকম নিশ্চিত হলেও খাতায়-কলমে এখনও প্লে-অফে যাওয়ার সামান্য সুযোগ আছে। আজ হারলে সেটুকুও থাকবে না। টানা ছ’টি ম্যাচ হেরেছে তারা। অন্য দিকে বিরাট কোহলি-রজত পাটিদারের বেঙ্গালুরু আগের ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হেরেছে। তাদের ন’ম্যাচে ১২ পয়েন্ট। আজ জিতলে ১৪ পয়েন্ট নিয়ে সুবিধেজনক জায়গায় থাকবে বেঙ্গালুরু। লখনউয়ে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়ায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের জন্য সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। আজ উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির পাশাপাশি, ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে।

News of the Day TMC BJP Weather IPL 2026 West Bengal Politics Bengal post-poll Violence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy