দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
বিধানসভায় সই জাল-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। গত বৃহস্পতিবার সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রবিবার ফের অভিষেককে তলব করা হয়েছে। অভিষেক জানিয়েছেন, তিনি যাবেন। এ ছাড়া, বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করেছে সিআইডি। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
বিশ্বকাপ ফুটবলে আজ নামছে জার্মানি। চার বারের চ্যাম্পিয়নদের সামনে প্রথম ম্যাচে এ বারই প্রথম বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা ছোট্ট দেশ কুরাসাও। দুধের শিশুরা কি পারবে বিশ্বফুটবলের অন্যতম দৈত্য জার্মানিকে বেগ দিতে? খেলা রাত ১০:৩০ থেকে। তার পর রাত ১:৩০ থেকে রয়েছে নেদারল্যান্ডস বনাম জাপান ম্যাচ। সকলের আগে আজ সকাল ৯:৩০ থেকে রয়েছে অস্ট্রেলিয়া-তুরস্ক ম্যাচ। কাল ভোর ৪:৩০ থেকে রয়েছে আইভরি কোস্ট-ইকুয়েডর ম্যাচ। সকাল ৭:৩০ থেকে লড়াই সুইডেন-টিউনিশিয়ার। সব খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জি৫ অ্যাপে।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মহারণ। প্রথম ম্যাচে নামছে ভারত। হরমনপ্রীত কৌরের দলের সামনে শুরুতেই পাকিস্তান। খেলা সন্ধ্যা ৭টা থেকে। তার আগে বিকেল ৩টে থেকে রয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ। দু’টি খেলাই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’-তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। বিস্তীর্ণ অংশে রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার এবং বুধবার অতিভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে।