Advertisement
E-Paper

কলকাতার রাজপথে মমতা। রাজনৈতিক তৎপরতা বাড়ছে ভোট ঘোষণা হতেই। গ্যাস-পরিস্থিতি। আর কী কী নজরে

রবিবার ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। আর সোমবার সেই ভোটের উত্তাপ কয়েকগুণ বাড়িয়ে তুলতে কলকাতায় মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০৮:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

রবিবার ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। আর সোমবার সেই ভোটের উত্তাপ কয়েকগুণ বাড়িয়ে তুলতে কলকাতায় মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবেন তিনি। রান্নার গ্যাসের সিলিন্ডারের অপ্রতুলতা ও দাম বৃদ্ধির প্রতিবাদে এই মিছিল হবে। মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে ভাষণ দেবেন মমতা।

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল— মোট দু’দফায় নির্বাচন হবে রাজ্যে। ফলঘোষণা হবে ৪ মে। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে আদর্শ আচরণবিধি (এমসিসি) কার্যকর হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলির মধ্যেও তৎপরতা শুরু হয়েছে। আজ কোনও দল প্রার্থিতালিকা প্রকাশ করে কি না, আনুষ্ঠানিক ভাবে প্রচার শুরু হয় কি না, সে দিকে নজর থাকবে।

অযথা আতঙ্কিত হয়ে সিলিন্ডার বুকিং না-করার জন্য দেশবাসীকে পরামর্শ দিয়ে আসছে কেন্দ্র। প্রয়োজন হলে তবেই সিলিন্ডার বুক করার জন্য বলা হচ্ছে। কেন্দ্রের এই পরামর্শের পরে এক দিনে ১০ লক্ষ কমেছে সিলিন্ডার বুকিং। বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহের পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে আমেরিকা-ইরান সংঘর্ষ। ইরানের বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে সম্প্রতি হামলা চালিয়েছে আমেরিকা। জবাবে ইরানও পশ্চিম এশিয়ায় আমেরিকার বিভিন্ন বন্ধু দেশকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

লোকসভা এবং রাজ্যসভায় বাজেট অধিবেশন চলবে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে লোকসভায় ১৩০ জন সাংসদ এবং রাজ্যসভার ৬৩ জন সাংসদের সই সংবলিত নোটিস জমা দিয়েছে বিরোধীরা। তাঁর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলা হয়েছে। সংসদে এই নিয়ে আলোচনা হয় কি না, সে দিকে আজ নজর থাকবে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা কোথাও নেই। উত্তরবঙ্গে চলবে ভারী বর্ষণ।

News of the Day Mamata Banerjee LPG Gas West Bengal Assembly Election 2026 Gyanesh Kumar US-Israel vs Iran Weather Update
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy