অস্ত্র এবং নতুন নোটের বান্ডিল-সহ ধৃত মণীশ জোশী ওরফে মণীশ শর্মার রানিগঞ্জের এমজি রোডের বাড়িতে তল্লাশি চলিয়ে আটটি ক্রেডিট কার্ড, একটি দেশি বন্দুক এবং তিনটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে বলে কলকাতা পুলিশের দাবি। মণীশের সঙ্গেই ধৃত কয়লা মাফিয়া রাজু ঝা-এর বাগুইআটির ফ্ল্যাট, সায়ন মজুমদারের দুর্গাপুরের আর্মস্ট্রং রোডের বাড়িতেও তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা।
লালবাজার সূত্রে খবর, রাজুর ফ্ল্যাট থেকে একটা আইপ্যাড, চারটি মোবাইল ফোন মিলেছে। লালবাজারের এক আধিকারিক জানান, মণীশের বাড়ি থেকে যে ক্রেডিট কার্ডগুলি উদ্ধার হয়েছে, সেগুলির মধ্যে দু’টি মণীশ জোশী এবং তিনটি মণীশ শর্মার নামে রয়েছে। বাকি তিনটি ক্রেডিট কার্ড ধৃত আর এক কয়লা মাফিয়া কৃষ্ণমুরারী কয়াল ওরফে বিল্লুর নামে রয়েছে।
ধৃতদের কাছ থেকে পাওয়া আগ্নেয়াস্ত্রের কয়েকটির লাইসেন্স নাগাল্যান্ডের ডিমাপুর থেকে করা হয়েছে বলে গোয়েন্দারা দাবি করেন। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান বিশাল গর্গ বলেন, ‘‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স খতিয়ে দেখা হবে। প্রয়োজনে ডিমাপুরেও তদন্তকারী দল যাবে।’’ গত মঙ্গলবার শহরে অস্ত্র কিনতে এসে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়েন রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মণীশ-সহ সাত জন।