Advertisement
E-Paper

কলকাতা, উত্তর ২৪ পরগনায় কিছুটা বাড়ল সংক্রমণ, স্বস্তি দিয়ে কমছে সক্রিয় রোগী

বৃহস্পতিবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১৭ জন।

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ২৩:১৫
এক নজরে রাজ্যের করোনা পরিস্থিতি।

এক নজরে রাজ্যের করোনা পরিস্থিতি। গ্রাফিক: শৌভিক দেবনাথ

কলকাতা এবং উত্তর ২৪ পরগনা, এই দুই জেলার হাত ধরে ফের রাজ্যে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। বুধবারও নতুন আক্রান্তের সংখ্যা দু’শোর ভিতরেই ছিল। কিন্তু বৃহস্পতিবার তা ছাপিয়ে গিয়েছে। ফলে দৈনিক আক্রান্তের সঙ্গে দৈনিক সুস্থ হযে ওঠার ব্যবধান খানিকটা কমে গিয়েছে। নতুন আক্রান্ত বাড়ায় সংক্রমণের হার আগের দিনের তুলনায় খানিকটা বেড়েছে। তবে রোজই ধাপে ধাপে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। ফলে পরিস্থিতি আয়ত্তের মধ্যে বলেই মানছেন রাজ্যের স্বাস্থ্যকর্তারা।

স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১৭ জন। এর ফলে রাজ্যে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৭২ হাজার ৩২ জন। এ দিন কলকাতা এবং উত্তর ২৪ পরগনা দুই জেলাতেই আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। উত্তর ২৪ পরগনায় নতুন আক্রান্ত ৭৬ এবং কলকাতায় ৬৫ জন। হুগলিতে আক্রান্ত ১৬ জন। বাকি কোনও জেলাতেই নতুন সংক্রমিতের সংখ্যা দুই অঙ্ক ছাড়ায়নি।

২৪ ঘণ্টায় যত সংখ্যক নমুনা পরীক্ষা হয়, তার মধ্যে যত জনের রিপোর্ট পজিটিভ আসে, তার শতকরা হারকেই ‘পজিটিভিটি রেট’ বা ‘সংক্রমণের হার’ বলা হয়। বৃহস্পতিবার ওই হার কিছুটা বেড়ে হয়েছে ০.৯৮ শতাংশ। এ দিন অবশ্য নমুনা পরীক্ষাও বুধবারের তুলনায় বেড়েছে। এ দিন পরীক্ষা হয়েছে ২২ হাজার ১০৬ জনের।

বৃহস্পতিবার রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৮৬ জন। এর ফলে রাজ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ৫ লক্ষ ৫৭ হাজার ৪৯৪ জন। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় কোভিড আক্রান্ত ৪ হাজার ৩১৩ জন। যা বুধবারের তুলনায় ৭৪ জন কম। বুধবার সুস্থতার হার ছিল ৯৭.৪৫ শতাংশ। এ দিন তা সামান্য বেড়ে হয়েছে ৯৭.৪৬ শতাংশ।

বুধবারের মতো বৃহস্পতিবারও রাজ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। এর মধ্যে কলকাতায় ৩ জন এবং উত্তর ২৪ পরগনায় ২ জনের মৃত্যু হয়েছে। বাকি কোনও জেলাতেই মৃত্যুর ঘটনা ঘটেনি। রাজ্যে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ২২৫ জনের।

Corona Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy