Advertisement
E-Paper

টুইটার, ফেসবুকের পর গণছাঁটাইয়ের পথে আরও এক বহুজাতিক সংস্থা, শঙ্কায় কর্মীরা

১০ হাজারের বেশি কর্মীকে ওই বহুজাতিক সংস্থা থেকে বিদায় নিতে হতে পারে, তেমনটাই দাবি সূত্রের। শুধু কর্মী ছাঁটাই নয়, সেই সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে সংস্থাটি খরচেও কাটছাঁট করতে চলেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ০৭:৫০
কর্তৃপক্ষ গণহারে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

কর্তৃপক্ষ গণহারে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রতীকী ছবি।

টুইটার, মেটার পর এ বার আমাজ়ন। গণছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে সংস্থাটি। সংবাদসংস্থায় প্রকাশিত রিপোর্টে দাবি, গত কয়েক মাস ধরে বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে আমাজ়ন। ফলে কর্তৃপক্ষ গণহারে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি সপ্তাহের মধ্যেই ১০ হাজারের বেশি কর্মীকে আমাজ়ন থেকে বিদায় নিতে হতে পারে, তেমনটাই দাবি সূত্রের। শুধু কর্মী ছাঁটাই নয়, সেই সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে আমাজ়ন খরচেও কাটছাঁট করতে চলেছে বলে খবর।

বিশ্বজুড়ে আমাজ়নে প্রায় ১৬ লক্ষ মানুষ চাকরি করেন। আমাজ়ন থেকে যদি সত্যিই ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়, তবে সংস্থার ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় গণছাঁটাই।

সূত্রের খবর, আমাজ়নের এই গণছাঁটাই প্রক্রিয়ায় শুরুতেই কোপ পড়তে পারে ‘অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট’-এর মতো যন্ত্র ভিত্তিক বিভাগগুলিতে। জানা গিয়েছে, গত কয়েক মাসে আমাজ়নের কিছু অলাভজনক বিভাগের কর্মীদের সংস্থার তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। সংস্থার মধ্যেই অন্য বিভাগে সুযোগ খোঁজার করার 'পরামর্শ' দেওয়া হয়েছে কিছু কর্মীকে।

বস্তুত, কোভিড অতিমারির সময় আমাজ়নের মতো অনলাইন কেনাবেচার সংস্থাগুলির দিকে ঝুঁকেছিলেন সাধারণ মানুষ। ফলে তাদের ব্যবসা লাভজনক হয়েছিল। কিন্তু ধীরে ধীরে ফের অতিমারি-পূর্ববর্তী পর্যায়ে ফিরে গিয়েছে বিশ্ব। আমাজ়নে কেনাকাটার হার তাই তুলনামূলক কমেছে।

গত সপ্তাহেই গণছাঁটাইয়ের পথে হেঁটেছে টুইটার। ইলন মাস্কের মালিকানায় সংস্থার প্রায় ৫০ শতাংশ কর্মীর চাকরি গিয়েছে নিমেষে। এর পর বড় সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছে ফেসবুকের মূল সংস্থা মেটা থেকেও। একই পথে হাঁটতে চলেছে আমাজ়নও, তেমনটাই দাবি সূত্রের।

Amazon Layoff Amazon Twitter Meta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy