Advertisement
E-Paper

জুলাই গণআন্দোলন পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ১৭ হাজার মামলা, ৬৬৩টিতে আসামি হাসিনা!

সোমবার ঢাকার ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে একটি অনুষ্ঠানে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শিরোনামের এই প্রতিবেদন প্রকাশিত হয়। এতে জুলাই গণআন্দোলন সংশ্লিষ্ট মামলাগুলির অগ্রগতি, চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার চিত্র তুলে ধরা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫২
শেখ হাসিনা।

শেখ হাসিনা। —ফাইল চিত্র।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দু’টি দুর্নীতি মামলায় মোট ১০ বছরের কারাদণ্ড দিল বাংলাদেশের একটি আদালত। পাশাপাশি, একটি আবাসন প্রকল্পে জমি বরাদ্দে অনিয়ম সংক্রান্ত দু’টি দুর্নীতি মামলায় তাঁর বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিককে মোট চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। টিউলিপের বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের সাত বছরের কারাদণ্ডের নির্দেশ‌ও দেওয়া হয়েছে। সোমবার ঢাকার আদালত-৪-এর বিশেষ বিচারক মহম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। অন্য দিকে, হাসিনার বিরুদ্ধে জুলাই গণআন্দোলনের সময়ের নানা ঘটনায় সারা দেশে মোট ৬৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৪৫৩টি। একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার ঢাকার ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে একটি অনুষ্ঠানে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শিরোনামের এই প্রতিবেদন প্রকাশিত হয়। এতে জুলাই গণআন্দোলন সংশ্লিষ্ট মামলাগুলির অগ্রগতি, চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা আছে, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র–জনতার হত্যাকারী, হত্যার নির্দেশদাতা ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে ২০২৫ সালের ১৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ হাজার ৭৮৫টি মামলা হয়। এর মধ্যে ৬৬৩টি মামলায় আসামি হিসাবে নাম এসেছে হাসিনার। মোট মামলার মধ্যে ৮৩৭টি হত্যা মামলা, যার ৪৫৩টি মামলায় হাসিনাকে আসামি করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের সময়ে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ইতিমধ্যে হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। ভারতে পালিয়ে আসা হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। টিআইবি আরও জানায়, এ পর্যন্ত ১০৬টি মামলায় অভিযোগপত্র জমা পড়েছে। এর মধ্যে হত্যা মামলা ৩১টি। এ সব মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য-সহ ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার সংখ্যার সঙ্গে অভিযোগপত্রের সংখ্যার তুলনা করে সংস্থাটি বলেছে, এতে তদন্ত কার্যক্রমের ধীরগতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। জুলাইয়ের ঘটনায় পুলিশের বিরুদ্ধে অনেক মামলা হওয়ার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পুলিশের বিরুদ্ধে মোট ৭৬১টি মামলা হয়েছে, যেখানে ১ হাজার ১৬৮ জন পুলিশকর্মী আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে গ্রেফতার হয়েছেন মাত্র ৬১ জনকে।

প্রতিবেদনে উল্লেখ রয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন ফৌজদারি অপরাধে যুক্ত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে ৪ হাজার ১৭টি মামলা হয়েছে। এ সব মামলায় ২ লক্ষ ২৪ হাজার ৮১৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার করা হয় ৭৫ হাজার ৪০০ জনকে, তবে ৫৫ শতাংশ জামিনে মুক্ত হয়েছেন।

Sheikh Hasina Bangladesh Bangladesh Awami League
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy