রাষ্ট্রপুঞ্জ ৮১তম সাধারণ সভার সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করেছেন তিনি।
ভোটাভুটিতে মোট ১৯০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। খলিলুর ৯৯ ভোট এবং কাকোরিস ৯১ ভোট পেয়েছেন। আগামী এক বছরের জন্য ওই পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। আগামী ৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশন আনুষ্ঠানিক ভাবে শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকার প্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কসভা। ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর।
আরও পড়ুন:
প্রসঙ্গত, পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর থেকে পর্যায়ক্রমিক পদ্ধতিতে প্রতি বছর রাষ্ট্রপুঞ্জ সাধারণ সভার সভাপতি নির্বাচিত করা হয়। এই পাঁচটি আঞ্চলিক গোষ্ঠী হল— আফ্রিকা, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় (প্যাসিফিক), পূর্ব ইউরোপ, দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য। এ বার ছিল এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সভাপতির নির্বাচনের পালা। প্রাথমিক দৌড়ে বাংলাদেশ ও সাইপ্রাসের পাশাপাশি প্যালেস্টাইনও ছিল। তবে শেষ মুহূর্তে লড়াই থেকে সরে দাঁড়ায় প্যালেস্টাইন।