আইনি এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি। জেলে পর্যাপ্ত চিকিৎসাও হচ্ছে না দম্পতির। পাকিস্তানি সরকারকে নিশানা করে ফের এই অভিযোগ তুলল ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
জেলে ইমরানের প্রতি অত্যাচার চলছে, এমন অভিযোগ দীর্ঘ দিন ধরেই তুলে আসছে তাঁর দল। এ বার সেই অভিযোগেই ফের এক বার শাহবাজ় শরিফের সরকারকে নিশানা করল পিটিআই। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মন্ত্রী তথা পিটিআই নেতা শফি জানের বক্তব্য, দলের কোনও সদস্যের সঙ্গে কিংবা আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না দম্পতিকে। গত চার মাস ধরে ইমরান চোখের সমস্যায় ভুগছেন। সেই সমস্যা এখনও মেটেনি। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর দৃষ্টিশক্তি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে দাবি তাঁর দলের।
পিটিআই শিবিরের আরও বক্তব্য, গত বৃহস্পতিবার রাতে চিকিৎসার জন্য ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রায় তিন ঘণ্টা ধরে চিকিৎসা চলে। কিন্তু এই দীর্ঘ সময় ধরে তাঁদের কী চিকিৎসা হয়েছে, সে বিষয়ে দলকে বা পরিবারের সদস্যদের কিছুই জানানো হয়নি। কোনও মেডিক্যাল রিপোর্টও পরিবারকে দেওয়া হয়নি বলে অভিযোগ পিটিআই-এর। এ অবস্থায় দম্পতির যথাযথ চিকিৎসার দাবি তুলেছে তারা। চিকিৎসার জন্য পিটিআই প্রধান এবং তাঁর স্ত্রীকে অবিলম্বে ভাল কোনও হাসপাতালে নিয়ে যাওয়া উচিত বলে মনে করছে পিটিআই।
বস্তুত, ২০২৩ সালের অগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছেন ইমরান। গত জানুয়ারি তাঁর ডান চোখের রেটিনায় সমস্যা (সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন) ধরা পড়ে। তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকটাই। ইমরানের পরিবার এবং তাঁর দল পিটিআই বার বার দাবি করে আসছে, আল-শিফার মতো কোনও হাসপাতালে রেখে ইমরানের চিকিৎসা করানো হোক। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছিলেন সুনীল গাওস্কর, কপিল দেব, গ্রেগ চ্যাপেল, ক্লাইভ লয়েড, অ্যালান বর্ডার-সহ বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটারেরা।