প্রত্যাঘাতের ‘প্রতিশ্রুতি’ দিয়েছিল আগেই। সেই হুঁশিয়ারি মতো এ বার ইজ়রায়েল এবং মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা শুরু করল ইরান। পশ্চিম এশিয়ায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইজ়রায়েল এবং মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, দুবাই এবং দোহায় রবিবার সকাল (ভারতীয় সময়) নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সেখানে থাকা ইজ়রায়েল এবং মার্কিন ঘাঁটিই ইরানের লক্ষ্যবস্তু, তা স্পষ্ট করে দিয়েছে ইরানের সেনাবাহিনী। শুধু তা-ই নয়, দুবাইয়ে বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে বলে খবর। তার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে দুবাই বিমানবন্দর।
শনিবার রাতেই দুবাইয়ের বুর্জ খলিফা খালি করে দেওয়া হয়েছে। আপাতত দুবাই এবং দোহায় ইরানি প্রত্যাঘাত শুরু হলেও, তা আরও ‘তীব্র আকার’ নেবে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। বিবৃতি দিয়ে পাল্টা হামলার পরিকল্পনার কথা জানায় ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। সেই থেকে ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চলছে। দুবাইয়ের দিকে দিকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিয়ো (যদিও সেই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ছড়িয়েছে। সেখানে আকাশে দেখা যাচ্ছে আগুনের গোলা। এক প্রান্ত থেকে অপর প্রান্তে আছড়ে পড়ছে ক্ষেপণাস্ত্র। আবার কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস হয়ে যাচ্ছে।
ইরানের সঙ্গে আমেরিকার পরমাণুচুক্তি নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনা পর্বের মধ্যেই আচমকা ইরানে প্রথমে হামলা চালায় ইজ়রায়েল বাহিনী। তার পরে আমেরিকাও। শনিবার দিনভর ইজ়রায়েল এবং আমেরিকা যৌথ হামলায় ইরানকে কোণঠাসা করার চেষ্টা করে। প্রত্যাঘাত শুরু করে ইরানও। শনিবার দুপুরের (ভারতীয় সময়) পর থেকে দুবাইয়ে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল। তার পর থেকে দফায় দফায় আরও বিস্ফোরণ ঘটে বলে খবর। দুবাই কর্তৃপক্ষ পাম জুমেইরাহ এলাকায় বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন। আমেরিকা এবং ইজ়রায়েলের বাহিনী তেহরানে হামলার পরই গোটা পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে সামরিক উত্তেজনা। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আমেরিকার সেনাছাউনি রয়েছে। সেই সেনাঘাঁটিগুলিকেই লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। সংযুক্ত আরব আমিরশাহি ছাড়াও, কুয়েত, কাতার, বাহরিন, ইরাক, সৌদি আরব এবং জর্ডনে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার দুপুর থেকে একযোগে এই সব এলাকায় বিস্ফোরণের খবর মিলেছিল। রবিবারও ইরান সেই হামলা অব্যাহত রেখেছে।
আরও পড়ুন:
রবিবার সকালে খবর পাওয়া যায় আমেরিকা-ইজ়রায়েল যৌথ হামলায় নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। শনিবারই যৌথ হামলায় প্রাণ হারান ইরানের প্রতিরক্ষামন্ত্রী, রেভলিউশনারি গার্ড বাহিনীর উচ্চপদস্থ কর্তাও। তার পর থেকে ইরান পাল্টা হামলার পথে হেঁটেছে।