Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

ইয়েমেনে এডেন উপসাগর থেকে তেলবাহী জাহাজ অপহরণ করল জলদস্যুরা! নিয়ে যাওয়া হয়েছে সোমালিয়ায়

জাহাজের নাবিকদের যাতে সুরক্ষিত এবং নিরাপদে অপহরণকারীদের হাত থেকে মুক্ত করা যায়, তার চেষ্টা চালানো হচ্ছে বলে ইয়েমেন প্রশাসন সূত্রে খবর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৬:৩৬
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

ইয়েমেনে এডেন উপসাগর থেকে তেলবাহী জাহাজ অপহরণ করে নিয়ে গেল জলদস্যুরা। ইয়েমেনের উপকূলরক্ষীবাহিনীর দাবি, জাহাজটি পুরো দখলে চলে গিয়েছে জলদস্যুদের। সেটিকে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জাহাজের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।

জাহাজের নাবিকদের যাতে সুরক্ষিত এবং নিরাপদে অপহরণকারীদের হাত থেকে মুক্ত করা যায়, তার চেষ্টা চালানো হচ্ছে বলে ইয়েমেন প্রশাসন সূত্রে খবর। ইয়েমেনের সরকারি সংবাদপত্রে দাবি করা হয়েছে, শববা প্রদেশ থেকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা টোগোর পতাকা লাগানো তেলবাহী জাহাজ ‘ইউরেকা’র উপর হামলা চালায়। পুরো জাহাজ কব্জা করে ফেলে বন্দুকবাজেরা। জাহাজটির দিশা বদলে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে।

ইয়েমেনের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তেলবাহী জাহাজের অবস্থান জানতে পেরেছে তারা। জাহাজটি কোন দিকে অগ্রসর হচ্ছে নজর রাখা হচ্ছে। তবে জাহাজে কত জন নাবিক রয়েছেন, তাঁরা কোন দেশের, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। মেরিন ট্র্যাফিক ওয়েবসাইটের তথ্য বলছে, টোগোর তেল ট্যাঙ্কার ‘ইউরেকা’। জাহাজটিকে ফুজেইরা বন্দরে দেখা গিয়েছিল।

জাহাজটিকে সোমালিয়ার জলদস্যুরা কব্জা করেছে কি না, তা-ও স্পষ্ট নয়। তবে জাহাজের গতিপথ সোমালিয়ার দিকে হওয়ায় অনুমান করা হচ্ছে, সোমালি জলদস্যুরাই এই অপহরণকাণ্ডের সঙ্গে জড়িত। এমনই জানিয়েছে ইয়েমেন প্রশাসন।

Yemen
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy