Advertisement
E-Paper

পাকিস্তানের বিরুদ্ধে আরও এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত! দাবি পাক প্রেসিডেন্ট জ়ারদারির, নয়াদিল্লিকে শান্তিরক্ষার বার্তা

সিন্ধু জলবণ্টন চুক্তি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখায় ভারতের সমালোচনাও করেছেন জ়ারদারি। পাক প্রেসিডেন্টের অভিযোগ, ভারত ‘জল-সন্ত্রাস’ চালাচ্ছে এবং স্বাভাবিক জলপ্রবাহ রুখে দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৯:০৪
(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং আসিফ আলি জ়ারদারি (ডান দিকে)।

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং আসিফ আলি জ়ারদারি (ডান দিকে)। —ফাইল চিত্র।

পাকিস্তানের বিরুদ্ধে আরও এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত! সোমবার পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে এমনই দাবি করলেন সে দেশের প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি। পাক পার্লামেন্টের দুই কক্ষের সদস্যদের সামনে পাকিস্তানের শাসকজোটের শরিক দল পিপিপি-র নেতা জ়ারদারি বলেন, “ভারতের নেতারা বলছেন, তাঁরা আরও একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন।”

বক্তৃতায় নিজেকে শান্তিদূত হিসাবে তুলে ধরারও চেষ্টা করেন জ়ারদারি। বলেন, “চিরদিন আমি আঞ্চলিক শান্তির পক্ষে সওয়াল করে এসেছি। তাই আমি এটা (ভারতের যুদ্ধপ্রস্তুতি) অনুমোদন করছি না।” এই সূত্রেই ভারতকে শান্তির বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজ়ির ভুট্টোর স্বামী। জ়ারদারি বলেন, “ওঁদের (ভারত) জন্য আমার বার্তা এটাই যে, যুদ্ধের ময়দান ছেড়ে আলোচনার টেবিলে আসুন। কারণ এটাই আঞ্চলিক নিরাপত্তার একমাত্র পথ।”

সিন্ধু জলবণ্টন চুক্তি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখায় ভারতের সমালোচনাও করেছেন জ়ারদারি। পাক প্রেসিডেন্টের অভিযোগ, ভারত ‘জল-সন্ত্রাসবাদ’ চালাচ্ছে এবং স্বাভাবিক জলপ্রবাহ রুখে দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। ওই ঘটনায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর জড়িত থাকার প্রমাণ মিলেছিল। এর পরেই ৭ মে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করতে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। পাকিস্তান পাল্টা হামলা চালানোর চেষ্টা করলে তা ব্যর্থ করে ভারতীয় সেনা। অভিযানে পাকিস্তানের ছ’টি সামরিক ঘাঁটিতে হানা দেয় ভারত। ১০ মে সন্ধ্যায় ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। তার পর ভারতের তরফে একাধিক বার জানানো হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ চলবে। ভবিষ্যতে যে কোনও ধরনের জঙ্গি হামলার সমুচিত জবাব দেওয়া হবে বলেও জানায় নয়াদিল্লি।

গত কয়েক দিন ধরেই আফগানিস্তানের সঙ্গে সামরিক সংঘাত চলছে পাকিস্তানের। এই সংঘাতে দু’পক্ষেরই বহু সেনা হতাহত হয়েছেন। সোমবার এই সংঘাতের প্রসঙ্গও উত্থাপন করেন জ়ারদারি। বলেন, “পাকিস্তানের পবিত্র ভূমিতে আমরা কোনও শক্তিকে ঢুকতে দেব না। কোনও পড়শিকে আমাদের শান্তি বিঘ্নিত করতে দেব না।” আফগানিস্তানের তালিবান সরকারের উদ্দেশে এই বার্তা দেওয়া হলেও কারও কারও মত, আসলে এতে ভারতকেও ছুঁতে চেয়েছেন পাক প্রেসিডেন্ট। কাবুলের সঙ্গে সংঘাত চলার সময় ইসলামাবাদ কেন ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কাপ্রকাশ করল, তা অবশ্য স্পষ্ট নয়। নয়াদিল্লির তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

Pakistan Asif Ali Zardari
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy