পাকিস্তান-বাংলাদেশ ঘনিষ্ঠতা বাড়ছে। আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতে কোনও ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তাদের সমর্থন জানিয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচটি বয়কট করেছে পাকিস্তানও। বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ জানিয়ে দিলেন, তাঁরা বাংলাদেশের পাশে আছেন। ভারত-ম্যাচ সংক্রান্ত সিদ্ধান্ত ভেবেচিন্তেই নেওয়া হয়েছে।
পাকিস্তান সরকারের পরামর্শেই ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের নির্ধারিত ম্যাচ না-খেলার কথা ঘোষণা করেছে সে দেশের ক্রিকেট বোর্ড (পিসিবি)। শ্রীলঙ্কার কলম্বোয় ওই ম্যাচ হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার করাচিতে একটি সরকারি বৈঠকের পর শাহবাজ় বলেন, ‘‘টি২০ বিশ্বকাপে আমরা একটা খুব স্পষ্ট অবস্থান গ্রহণ করেছি। আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচটি খেলব না। কারণ, খেলার মাঠে কোনও রাজনীতি থাকা উচিত নয়।’’ বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়ে শাহবাজ় আরও বলেন, ‘‘আমরা খুব ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমার মনে হয়, এটা খুব উপযুক্ত একটা সিদ্ধান্ত। আমরা বাংলাদেশের সঙ্গে আছি।’’
আরও পড়ুন:
পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর কৃতজ্ঞতা জানিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রী়ড়া উপদেষ্টা আসিফ নজরুল। লিখেছেন, ‘‘ধন্যবাদ পাকিস্তান।’’
উল্লেখ্য, আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারতে টি২০ বিশ্বকাপের কোনও ম্যাচ খেলবে না বলে জানিয়েছিল বাংলাদেশ। পরিবর্তে নিরপেক্ষ কোনও স্থানে তাদের ম্যাচগুলি আয়োজন করার অনুরোধ জানানো হয়েছিল আইসিসি-কে। বাংলাদেশ ক্রিকেট কর্তৃপক্ষের বক্তব্য ছিল, তাঁদের দেশের এক জন খেলোয়াড় যদি ভারতে আইপিএল চলাকালীন নিরাপত্তা না-পান, তবে গোটা টিমকে তাঁরা কী ভাবে বিশ্বকাপ খেলার জন্য ভারতে পাঠাবেন? বাংলাদেশের দাবি ধোপে টেকেনি। আইসিসি তাদের পরিবর্তে বিশ্বকাপ খেলার সুযোগ দিয়েছে স্কটল্যান্ডকে। এর পরেই পাকিস্তান গর্জে ওঠে। তারা বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন করে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচটি না-খেলার কথা জানিয়ে দেয়।
ভারত-পাকিস্তান ম্যাচ বরাবরই ‘হাই প্রোফাইল’। এর থেকে মোটা অঙ্কের আয় নিশ্চিত থাকে। আইসিসি পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, এই ম্যাচ বয়কট করলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। তবে পাকিস্তানের অবস্থান আরও এক বার স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী শাহবাজ়ই।